Nandigram

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে কংগ্রেসের মামলা খারিজ কলকাতা হাইকোর্টে

রাজ্য

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় বয়স ও মাধ্যমিক পাশের বছর নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের আদালত কংগ্রেসের আবেদন খারিজের নির্দেশ দেয়।
রাজ্য কংগ্রেসের অভিযোগ ছিল, হাসিরানি রথ তার নির্বাচনী হলফনামায় বয়স ৬০ বছরের বেশি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি মাধ্যমিক পাশের বছর হিসেবে ১৯৬৫ সাল উল্লেখ করেছেন। কংগ্রেসের দাবি, হলফনামায় উল্লেখ করা তথ্যের মধ্যে বয়সের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে।
বিষয়টি নিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করে পশ্চিমবঙ্গ কংগ্রেস। দলের পক্ষ থেকে দাবি করা হয়, নির্বাচন কমিশনের দায়িত্ব হল প্রার্থীদের জমা দেওয়া হলফনামা ও নথিপত্র খতিয়ে দেখা। বিজেপি প্রার্থীর জমা দেওয়া নথিগুলি পরীক্ষা করার নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল।
তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কংগ্রেসের এই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী আদালতে জানান, নন্দীগ্রাম উপনির্বাচনের জন্য ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে নতুন করে আপত্তি তোলা যায় না। 
কংগ্রেসের আইনজীবী ঋজু ঘোষাল যুক্তি দেন, প্রার্থীর জমা দেওয়া নথি যাচাই করা নির্বাচন কমিশনের দায়িত্ব। বিজেপি প্রার্থীর নথিপত্র পরীক্ষা করার জন্য আদালতের নির্দেশের আবেদন জানান তিনি।
গত ২৫ সেপ্টেম্বর মামলার শুনানি শেষ হওয়ার পর বিচারপতি কৃষ্ণ রাও রায়দান স্থগিত রেখেছিলেন। মঙ্গলবার সেই মামলাতেই কংগ্রেসের আবেদন খারিজ করে দেওয়া হল।

Comments :0

Login to leave a comment