Uluberia

মহিলাকে ধারালো অস্ত্রের কোপ উলুবেড়িয়ায়, গ্রেপ্তার অভিযুক্ত

জেলা

ছবি প্রতীকী।

পরকীয়ার সম্পর্কের জেরে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে উলুবেড়িয়া থানার বিরশিবপুরের শশাবেড়িয়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত বিশ্বজিৎ পালকে গ্রেপ্তার করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। বুধবার তাঁকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে।
জানা গেছে, প্রায় চার বছর আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়। এরপর মেয়েকে নিয়ে তিনি বাড়িতে একাই থাকতেন। অন্যদিকে, বিশ্বজিৎ পালের পরিবারে তাঁর স্ত্রী, মা এবং দুই মেয়ে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, মহিলার স্বামীর মৃত্যুর পর থেকেই বিশ্বজিতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ককে কেন্দ্র করে বিশ্বজিতের পরিবারে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিশ্বজিতের স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। এরপর বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের অশান্তি হয়। অভিযোগ, সেই ঘটনার পর মঙ্গলবার সকালে ওই মহিলা বাড়ির পাশের একটি দোকানে জিনিস কিনতে গেলে বিশ্বজিৎ বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে তাঁর ঘাড়ে কোপ মারেন। আচমকা হামলায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই মহিলা। ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনায় উলুবেড়িয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। হামলার প্রকৃত কারণ এবং ঘটনার পিছনে অন্য কোনও বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Comments :0

Login to leave a comment