কল্যাণী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের উত্তর ভবানীপুর এলাকায় বন্ধ ঘরের ভিতর থেকে এক কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম রোহিত মণ্ডল। পুলিশ সূত্রে জানা গেছে বয়স অনুমানিক ২০। তিনি মেদিনীপুর এলাকার বাসিন্দা এবং পড়াশোনার কারণে কল্যাণীর ১২পল্লি এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোহিত কল্যাণীর জেআইএস ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ছিলেন। প্রায় এক থেকে দু’মাস ধরে ওই বাড়িতে একাই ভাড়া থাকতেন। মঙ্গলবার সকাল থেকে বাড়ির লোকজন ও স্থানীয়রা বিভিন্নভাবে ডাকাডাকি করলেও কোনও সাড়া না মেলায় সন্দেহ তৈরি হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়ার পাশাপাশি পুলিশকেও জানানো হয়। খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে এসে বন্ধ ঘরে প্রবেশ করে রোহিতকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঘর থেকে একটি ভাঙা মোবাইল ফোন এবং একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া নোটটি আদৌ রোহিতের লেখা কি না, তা এখনও নিশ্চিত নয়। সম্প্রতি কোনও বিষয় নিয়ে তাঁর মনে অভিমান বা মানসিক চাপ তৈরি হয়েছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। মৃত্যুর নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়।
Student Dies
কল্যাণী জেআইএস ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ুয়া দেহ উদ্ধার
×
Comments :0