Fake Lawyer

ভুয়ো আইনজীবী ধরা পড়ল ইসলামপুর আদালতে

জেলা

ভুয়ো চিকিৎসকের পর এবার ভুয়ো আইনজীবীর সন্দেহে এক ব্যক্তিকে আটক করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইসলামপুর মহকুমা আদালত চত্বরে। মঙ্গলবার আইনজীবীর পোশাক পরে আদালত চত্বরে বসে থাকা ওই ব্যক্তিকে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করেন ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। পরে তাঁকে ইসলামপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের নাম সুশান্ত কুমার দাস। তাঁর বাড়ি করণদিঘি থানার গোপালপুর এলাকায় বলে জানা গিয়েছে।
বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, এদিন আদালত চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় সুশান্তকে। পরে আইনজীবীর পোশাক পরে তাঁকে বসে থাকতে দেখে কয়েকজন আইনজীবীর সন্দেহ হয়। তাঁর পরিচয় জানতে চাওয়া হলে তিনি বৈধ পরিচয়পত্র বা আইনজীবী হিসেবে প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি বলে অভিযোগ। তাঁর কথাবার্তাতেও অসঙ্গতি ধরা পড়ে বলে দাবি বার সদস্যদের।
ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আহমেদ জানান, করণদিঘি এলাকায় ওই ব্যক্তি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেন বলে তাঁদের কাছে অভিযোগ ছিল। এদিন আদালতে তাঁকে আইনজীবীর পোশাকে দেখতে পেয়ে বিষয়টি নিয়ে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি প্রথমে নিজেকে কাটিহার আদালতের আইনজীবী বলে দাবি করেন। তবে তাঁর বক্তব্যের সত্যতা নিয়ে সন্দেহ থাকায় আরও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি আইনজীবী নন বলে স্বীকার করেন বলে দাবি সভাপতির।
এরপরই বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ইসলামপুর থানায় খবর দেন। পুলিশ আদালত চত্বরে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি আইনজীবীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক শামসাদ আলম বলেন, আদালত চত্বরে ভুয়ো আইনজীবীর উপস্থিতি বিচারপ্রার্থীদের নিরাপত্তা ও স্বার্থের জন্য উদ্বেগের। আইনজীবীর পরিচয় ব্যবহার করে কেউ সাধারণ মানুষকে আর্থিক বা আইনি সমস্যায় ফেললে তার দায় গুরুতর। ঘটনার পূর্ণ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Comments :0

Login to leave a comment