North Sikkim Landslides

উত্তর সিকিমে এখনও আটকে হাজার পর্যটক, উদ্ধার ১৩৫

জাতীয় রাজ্য

প্রকৃতি ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নামল ভারতীয় সেনাবাহিনী। গত রবিবার উত্তর সিকিমের লাচেন ও চুংথাং-এর মাঝে ভয়াবহ ধসের জেরে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ। এই কঠিন পরিস্থিতিতে পর্যটকদের মূল ভূখণ্ডে ফিরিয়ে আনতে ‘ত্রিশক্তি কোর’-এর পক্ষ থেকে শুরু হয়েছে বিশেষ উদ্ধার অভিযান ‘অপারেশন হিম সেতু’।


রবিবার চুংথাং থেকে লাচেনগামী রাস্তার ওপর তারুম চু সেতুর কাছে পাহাড়ের এক বিশাল অংশ ধসে পড়ে। ফলে মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে যায় রাস্তা। হাড়কাঁপানো ঠান্ডা, তুষারপাত আর বৃষ্টির জেরে কার্যত অন্ধকার নেমে আসে পর্যটকদের জীবনে। এই মুহূর্তে লাচেনে প্রায় ১,০০০ জন পর্যটক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। সীমান্ত সড়ক সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী। পর্যটকদের সুবিধার্থে সেনা জওয়ানরা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন।  বরফ ও ধস সরিয়ে দ্রুত বিকল্প রাস্তা তৈরির চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত অংশে সাধারণ মানুষের যাতায়াতের জন্য অস্থায়ী ‘ফুটব্রিজ’ নির্মাণ করা হয়েছে। কাদা ও বরফে আটকে থাকা ৩২টি হালকা গাড়ি এবং ১০টি মোটরসাইকেল ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে।


সেনা সূত্রে খবর, উদ্ধারকাজে মানবিকতাকে সর্বোচ্চ স্থান দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ১৩৫ জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে প্রবীণ ও অসুস্থ পর্যটকদের ওপর। এমনকি এক ৮০ বছর বয়সি অসুস্থ বৃদ্ধকেও অত্যন্ত তৎপরতার সাথে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছেন জওয়ানরা।
যতক্ষণ না পর্যন্ত সমস্ত পর্যটককে পুরোপুরি নামিয়ে আনা সম্ভব হচ্ছে, ততক্ষণ আটকে পড়াদের জন্য সেনাবাহিনীর তরফে পর্যাপ্ত খাদ্য, পানীয় জল ও জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তুষারপাত ও ধসের জেরে বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থাকে পুনরায় সচল করতে ধাপে ধাপে এগোচ্ছে উদ্ধারকারী দল। প্রতিকূল আবহাওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করেই চলছে ‘হিম সেতু’র লড়াই।

Comments :0

Login to leave a comment