রাজ্যের প্রায় সর্বত্র ভোটদাতাদের শাসানো হচ্ছে। ভয় দেখাচ্ছে শাসক দলের দুষ্কৃতীরা। কমিশন দাগি দুষ্কৃতীদের আগাম সতর্কতামূলক গ্রেপ্তারের নির্দেশিকা জারি করেছিল মার্চেই। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই তালিকা প্রকাশের দাবি কমিশনের কাছে জানালো রাজ্য বামফ্রন্ট।
রবিবার কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন বামফ্রন্টের সভাপতি বিমান বসু।
চিঠিতে বলা হয়েছে যে শাসক দলের দুষ্কৃতীরা হুমকি-শাসানি দিচ্ছে এমন এলাকায় যেখানে বসবাসের আধিক্য আর্থিকভাবে অস্বচ্ছল অংশের। এই অংশের পক্ষে সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানানো অনেকসময়ই সম্ভব হয় না।
বিমান বসু বলেছেন, কমিশন ব্যবস্থা না নিলে বিরোধী রাজনৈতিক দলগুলিকে প্রতিবাদে নামতে হবে। সেক্ষেত্রে নির্বাচনের আগে সংঘাতের পরিস্থিতি তৈরি হবে। এমন সম্ভাবনা এড়াতে কমিশন কী ব্যবস্থা নিয়েছে জানাক। সতর্কতামূলক গ্রেপ্তারির তালিকা প্রকাশিত হলে মানুষের ভরসা বাড়বে।
গত ২৬ মার্চ নির্বাচন কমিশনের নির্দেশিকায় সব থানাকে বলা হয়েছিল যে যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চার্জশিট দায়ের হয়েছে তার তালিকা তৈরি করতে হবে। তদন্ত সম্পূর্ণ করে সংশ্লিষ্ট স্তরে তার রিপোর্ট জমা দিতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছিল যে জামিন অযোগ্য ওয়ারেন্ট থাকলে গ্রেপ্তার করতে হবে। ভোটের সময় গোলমাল পাকানো বা দুষ্কৃতীমূলক কাজকর্মে জড়িতদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের সময় শান্তি বজায় রাখার জন্য আগাম সতর্কতামূলক সব ব্যবস্থা নিতে হবে।
বসু এদিন চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের বিশেষ পর্যবেক্ষককে বলেছেন যে আর মাত্র চারদিন বাদেই প্রথম পর্বের ভোট। কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ধৃতদের তালিকা এখনই প্রকাশ করা জরুরি। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। সেই প্রতিশ্রুতি কার্যকর করতেই এই পদক্ষেপ জরুরি।
Biman Basu EC
ভয় দেখাচ্ছে তৃণমূল, সতর্কতামূলক গ্রেপ্তারি কোথায়, কমিশনে চিঠি বিমান বসুর
ছবি সংগ্রহ থেকে।
×
Comments :0