General Strike

ধর্মঘটের সমর্থনে প্রচার তুঙ্গে জলপাইগুড়ির চা বলয়ে

জেলা

শ্রমকোড বাতিল, কেন্দ্রীয় বিজেপি সরকারের কর্পোরেট তোষণ এবং রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট ও রাজ্যে শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে জলপাইগুড়ি জেলার সর্বত্র, বিশেষত চা বাগান অধ্যুষিত এলাকায়, প্রচার অভিযান এখন তুঙ্গে। সিআইটিইউ, কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে শ্রমজীবী মানুষের মধ্যে জোরদার গণসংযোগ চলছে। ধর্মঘটের যৌক্তিকতা ব্যাখ্যা করে সিআইটিইউ’র চা বাগান মজদুর ইউনিয়ন নেতা তিলক ছেত্রী বলেন, ‘‘কেন্দ্রের বিজেপি সরকার শ্রমিকদের দীর্ঘ লড়াইয়ে অর্জিত অধিকার কেড়ে নিতে চাইছে। নতুন শ্রম কোড চালু হলে দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করা হবে। অথচ সামাজিক সুরক্ষা, দুর্ঘটনায় ক্ষতিপূরণ কিংবা শ্রমিকের পরিবারকে রক্ষার কোনও নিশ্চিত ব্যবস্থা রাখা হয়নি।’’ তিনি আরও অভিযোগ করেন, পুরনো ও কার্যকর শ্রম আইন বাতিল করে মালিকদের স্বার্থে শ্রমিক শোষণের আইনি পথ প্রশস্ত করছে কেন্দ্র। তাঁর হুঁশিয়ারি,‘‘ এখনই রুখে না দাঁড়ালে আগামী দিনে শ্রমিকদের আর কোনও অধিকার অবশিষ্ট থাকবে না। ১২ ফেব্রুয়ারির ধর্মঘট শ্রমজীবী মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই।’’ প্রচার অভিযানে কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারের শ্রমিকবিরোধী ভূমিকা তুলে ধরা হচ্ছে। একদিকে মোদী সরকার দেশের সম্পদ কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে, অন্যদিকে রাজ্যের তৃণমূল সরকারও কৃষক-শ্রমিকের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, নতুন শ্রম আইনের মাধ্যমে শ্রমিকদের কার্যত আধুনিক যুগের ‘ক্রীতদাসে’ পরিণত করার চক্রান্ত চলছে।
জলপাইগুড়ি জেলার অর্থনীতির মূল ভিত্তি চা শিল্প। সেই কারণেই ধর্মঘটের প্রচারের মূল কেন্দ্র চা বাগান এলাকাগুলি। মজুরি, রেশন, সামাজিক সুরক্ষা সব ক্ষেত্রেই বঞ্চনার অভিযোগ তুলছেন শ্রমিকরা। ১২ ঘণ্টার শ্রমব্যবস্থা চালু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই প্রেক্ষিতেই প্রতিদিন বিভিন্ন চা বাগানে স্বতঃস্ফূর্ত গেট মিটিং, পথসভা ও মিছিল সংগঠিত হচ্ছে।
এদিন বানারহাট ব্লকের তরুণ সংঘ থেকে শুরু হয়ে পলাশবাড়ি, রিয়াবাড়ি, চুনাভাটি, নিউ ডুয়ার্স, চামুর্চি, আমবাড়ি, রেড ব্যাংক, ডায়না, দেবপাড়া, কলাবাড়ি বস্তি ও কলাবাড়ি বাগান-সহ একাধিক চা বাগান ঘুরে একটি বিশাল বাইক মিছিল সংগঠিত হয়, যা সিপিআই(এম) অফিসে এসে শেষ হয়। লাল ঝাণ্ডায় সুসজ্জিত এই মিছিলে নেতৃত্ব দেন তিলক ছেত্রী, দীপক কুন্ডু, মুকেশ রজক, মুন্নে ওরায়ণ, ভক্তে বাহাদুর ছেত্রী, অর্ধেন্দু রাহা প্রমুখ। লাল ঝাণ্ডায় সুসজ্জিত এই মিছিল থেকে সাধারণ মানুষকে ১২ ফেব্রুয়ারির ধর্মঘটের সমর্থনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। জেলাজুড়ে এই তৎপরতা স্পষ্ট করে দিচ্ছে, চা বলয়ে শ্রমজীবী মানুষের প্রতিবাদ আগামী দিনে আরও তীব্র রূপ নিতে চলেছে।

Comments :0

Login to leave a comment