চূড়ান্ত তালিকা প্রকাশের দিন, অন্তত বেলা তিনটে পর্যন্ত, অস্পষ্ট রাজ্যের এসআইআর প্রক্রিয়ার ফলাফল।
নির্বাচন কমিশনের সিইও’র সোশাল মিডিয়া হ্যান্ডেলে অনলাইন তালিকা প্রকাশিত হওয়ার ঘোষণা নেই। কমিশনের তরফে জানানো হয়েছিল যে শনিবারই অনলাইনে তালিকা প্রকাশ করে দেওয়া হবে।
কমিশন সোশাল মিডিয়ায় দেওয়া বার্তায় এদিন একটি ছবি দিয়ে জানিয়েছে যে আলিপুরদুয়ারে বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের হাতে ‘হার্ড কপি’ বা কাগজে ছাপানো তালিকা দেওয়া হয়েছে।
সকালেই জানানো হয় যে বাঁকুড়ায় সেই জেলার তালিকা পাঠানো হয়েছে। দেখা গিয়েছে ১ লক্ষের বেশি নাম বাদ পড়েছে।
রাজ্যের সিইও মনোজ আগরওয়াল শুক্রবারই জানিয়েছিলেন যে খসড়া তালিকার গোটাটাই, অর্থাৎ ৭.৮ কোটি ভোটারের নাম প্রকাশ করা হবে। তবে যাদের নাম বাদ পড়েছে তাদের নামের পাশে ডিলিটেড এবং যে নাম বিবেচনাধীন তাদের নামের পাশে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ লেখা থাকবে।
সিইও অফিস থেকে শুক্রবারই জানা যায় যে প্রায় ৬০ লক্ষ নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন হিসেবে চিহ্নিত করা হবে। বাকি ৬ লক্ষ নামের পাশে বাদ বা ‘ডিলিটেড‘ চিহ্নিত হবে।
এর আগে খসড়া তালিকাতেই রাজ্যের ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল। পাওয়া যায়নি, মৃত বা স্থানান্তরিত নাম ছিল এই তালিকায়। তার পরের পর্বে ‘লডিক্যাল ডিসক্রেপান্সি’ বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি বলে নোটিশ পাঠাতে শুরু করে কমিশন। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে মুসলিম ভোটদাতাদের ক্ষেত্রে এই নোটিশের হার অস্বাভাবিক হারে বেশি। যেমন, এন্টালি কেন্দ্রে ভোটদাতাদের ৪০ শতাংশ মুসলিম। কিন্তু এই কেন্দ্রে নোটিশ যাদের পাঠানো হয়েছে তার মধ্যে মুসলিমদের হার ৭২.৩ শতাংশ।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে খসড়া তালিকাতেই ৪৪ হাজারের কিছু বেশি নাম বাদ পড়ার পর চূড়ান্ত তালিকায় আরও ২ হাজার নাম বাদ যাচ্ছে। এর বাইরে বিবেচনাধীন হিসেবে রাখা হতে পারে ১৪ হাজারের কিছু বেশি নাম। এই নামের ‘বৈধতা’ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না।
এদিকে কমিশন গত বুধবার থেকে বিএলও-দের জানিয়েছে নাম বাদ গেলে নতুন করে আবেদনের জন্য ফর্ম-৬ ভরানোর উদ্যোগ নিতে। কিন্তু নথির অভাবেই যদি নাম বাদ গিয়ে থাকে নতুন করে কিভাবে নথি বিবেচিত হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।
বিকেল চারটেয় সাংবাদিক সম্মেলন হওয়ার কথা সিইও দপ্তরে। সেখানে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ হয় কিনা, তার ওপর নজর রাখছেন রাজ্যবাসী।
SIR West Bengal
অনলাইনে তালিকা নেই বিকেল ৩টেতেও, ৪টেয় সাংবাদিক বৈঠক সিইও দপ্তরে
×
Comments :0