বিবেচনাধীন নামের সংখ্যা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। চলেছে শুনানি। এখন চলছে নথি পরীক্ষা। এই অবস্থায় অনুমান মার্চের দ্বিতীয় সপ্তাহের আগে রাজ্যে ভোটের সূচি ঘোষণা করবে না নির্বাচন কমিশন।
শনিবারই রাজ্যে এসআইআর’র ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে সিইও দপ্তর। ‘চূড়ান্ত’ বলা হলেও বাস্তবে ৬০ লক্ষের বেশি নাম বিবেচনাধীন। এর মধ্যে কত নাম থাকবে স্থির না হওয়া পর্যন্ত রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটার তালিকাই সম্পূর্ণ হবে না।
এদিন সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিবেচনাধীন নাম নিষ্পত্তি করার কাজ চলছে।
রাজ্যের সিইও দপ্তরের একটি সূত্রের অভিমত রাজ্যে তিন দফার মধ্যে ভোটের সূচি ঠিক করতে হবে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা নির্বাচন আসন্ন কেরালা, তামিলনাডু, পুদুচেরি এবং আসামে। জানা গিয়েছে নির্বাচন কমিশন এ রাজ্যে প্রস্তুতি খতিয়ে দেখতে আসতে পারে দোলের পর। তবে কমিশন আসাম এবং তামিলনাডুতে গিয়েছে।
প্রশ্ন হচ্ছে, মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিবেচনাধীন নামের নিষ্পত্তি কমিশন করে উঠতে পারবে কিনা। এর আগে যে যে রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে এমন বিবেচনাধীন নাম নেই।
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এদিন সংবাদমাধ্যমের প্রশ্নে বলেছেন যে চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে এই অনিশ্চয়তায় স্পষ্ট নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার দুই-ই অপদার্থ। তিনি বলেছেন, কোনও বৈধ ভোটাদাতার নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।
Election West Bengal
ঝুলে রয়েছে ৬০ লক্ষের বেশি নাম, ভোট ঘোষণা মার্চের দ্বিতীয় সপ্তাহে?
×
Comments :0