মীর আফরোজ জামান: ঢাকা
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মাই আর্থকোয়েক অ্যালার্ট-র তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। প্রায় একই সময়ে কেঁপেছে সীমান্তের ওপারে কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের বহু এলাকা।
ভূমিকম্পে সাতক্ষীরায় মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। নমাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান।
এ ছাড়া খুলনা, কুষ্টিয়া, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া থেকেও ভূমিকম্প টের পাওয়া গেছে বলে জানতে পেরেছে গণশক্তি ডিজিটাল।
ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত ৮বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে গত বুধবার রাতে বার্মায় সৃষ্ট ৫.১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।
১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পন দিয়ে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি একই দিনে তিনবার ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৪.১ মাত্রা এবং বার্মায় ৫.৯ ও ৫.২ মাত্রার দুটি কম্পন ছিল। এরপর ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুবার এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সব মিলিয়ে ২৬ দিনে আটবার কেঁপেছে দেশ।
Comments :0