convention of migrant workers

পরিযায়ী শ্রমিকদের প্রথম সংগঠিত কনভেনশন, ওড়িশায়

জাতীয় রাজ্য

পশ্চিমবঙ্গের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিয়ে সিআইটিইউ ওড়িশা রাজ্য কমিটি এবং ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে ১২ মার্চ,বৃহস্পতিবার ভুবনেশ্বরে উৎকল মনি সভাগৃহে  ওড়িশায় প্রথম পরিযায়ী শ্রমিকদের নিয়ে সংগঠিত কনভেনশন অনুষ্ঠিত হয়। 
ওডিশার বিভিন্ন জেলায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের মদতে বিজেপি ধারাবাহিক আক্রমণ চালিয়েছে। কয়েকমাস আগেই মুর্শিদাবাদের সুতি'র শ্রমিক জুয়েল রানাকে 'বাংলাদেশী' সন্দেহে প্রথমে আটক করা হয় এবং পরে তাঁকে হত্যাও করা হয়। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরঞ্চ একাধিক এইধরণের ঘটনা ঘটেছে ওড়িশার জেলায় জেলায়। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও সম্পূর্ণভাবে তা  এখনো তা বন্ধ করা যায়নি। ওড়িশায় বিজেপি সরকারের আসীন হওয়ার পর থেকে বাংলার শ্রমিকদের বাংলাভাষী দেগে দিয়ে হামলা চালানো হচ্ছে। পুলিশের ভূমিকা থাকছে না। আবার এ রাজ্যের তৃণমূল সরকারের প্রশাসনিক তৎপরতার অভাব নিয়েও রয়েছে তীব্র ক্ষোভ।
এদিন সিআইটিইউ উড়িষ্যার নেতৃত্ব এবং মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন যৌথভাবে এই হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই কনভেনশনের আয়োজন করা হয়। একইসঙ্গে শ্রমিকদের সঠিক মজুরি প্রদান, সামাজিক সুরক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় এই কনভেনশনে আলোচনার মাধ্যমে উঠে আসে। 
এদিনের কনভেনশনে  সিআইটিইউ উড়িষ্যা রাজ্য কমিটির সম্পাদক এবং সভাপতি বিষ্ণু মহান্তি এবং উল্লাস সুইন উপস্থিত ছিলেন। সেইসঙ্গে, ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ গায়েন কনভেনশনের প্রারম্ভিক বক্তব্য রাখেন। কনভেনশনে পরিযায়ী শ্রমিকদের তরফে মহসিন শেখ সহ অন্যান্য পরিযায়ী শ্রমিকরা নিজেদের অভিজ্ঞতার কথা আলোচনা করেন । এছাড়াও, সিআইটিইউ নেতৃত্ব এবং উড়িষ্যা রাজ্যের পরিযায়ী শ্রমিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব প্রদীপ্ত নায়েক ও কনভেনশনে বক্তব্য রাখেন। 

Comments :0

Login to leave a comment