রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হলেও বুনো হাতির আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে জলপাইগুড়ির জঙ্গল লাগোয়া জনপদগুলি। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও বনদপ্তরের গাড়ির দেখা নেই, ফলে প্রাণের ঝুঁকি নিয়ে টোটোতে চড়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হচ্ছে বনবস্তির পড়ুয়াদের। মাঝরাস্তায় হাতির সামনে পড়ে চরম আতঙ্কের মুখে পড়ল দুই পরীক্ষার্থী। জলপাইগুড়ি জেলার মরাঘাট জঙ্গল ঘেরা মেলা ফরেস্ট বস্তির বাসিন্দা প্রীতি রায় ও স্নেহা রাভা— দুজনেই গয়েরকাটা হাই স্কুলের ছাত্রী। পরীক্ষার প্রথম দিনেই বানারহাটের পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয় তারা। অভিযোগ, বনদপ্তরের পক্ষ থেকে কোনও যাতায়াতের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তারা টোটোতে করে রওনা দেয়। মাঝরাস্তায় মরাঘাট জঙ্গলের ভেতর আচমকাই তাদের সামনে চলে আসে একটি বুনো হাতি। দীর্ঘক্ষণ আটকে থেকে প্রাণভয়ে কোনওরকমে পরীক্ষাকেন্দ্রে পৌঁছায় তারা।
পরীক্ষার্থী প্রীতি রায়ের কথায়, ‘‘এই রাস্তায় রোজই হাতি বের হয়। আজও যাওয়ার সময় সামনে হাতি চলে এল। প্রচণ্ড ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে যেতে হচ্ছে।” আর এক পরীক্ষার্থী স্নেহা রাভা জানায়, ‘‘সারা রাত এলাকায় হাতির উপদ্রব ছিল। রাস্তার পাশেই হাতি দাঁড়িয়ে ছিল, খুব ভয়ের মধ্যে দিয়ে এসেছি।”
স্নেহার বাবা দাউদ রাভা সরাসরি বনদপ্তরের গাফিলতির দিকে আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, “আমাদের এলাকায় বনদপ্তরের কোনও গাড়ি দেওয়া হয়নি। অন্য এলাকায় সুবিধা থাকলেও আমাদের বেলায় কেন বঞ্চনা? মুখ্যমন্ত্রী বলেছিলেন জঙ্গল এলাকায় বনদপ্তর সহযোগিতা করবে, কিন্তু আমরা তো কিছুই দেখছি না।”
যদিও মরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, সমস্ত এলাকায় পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা। প্রথম দিনের ঘটনার পর দ্বিতীয় দিনেও কোনো গাড়ি না মেলায় ক্ষোভ বাড়ছে বনবস্তি ও জঙ্গল অধ্যুষিত এলাকার বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের প্রশ্ন, খোদ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ থাকা সত্ত্বেও কেন নিচুতলার আধিকারিকরা গাফিলতি করছেন? কেন বারবার জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত করতে হচ্ছে?
বনদপ্তর আগে জানিয়েছিল তাঁদের কাছে গাড়ির পূর্ণ হিসাব রয়েছে, কিন্তু টানা দুদিন গাড়ি না পাওয়ার ঘটনায় প্রশাসনিক সমন্বয়হীনতা স্পষ্ট। এই চরম অনিশ্চয়তা ও হাতির আতঙ্কের মধ্যেই চলছে পরীক্ষা। বনবস্তির পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।
jalpaiguri
মুখ্যমন্ত্রীর নির্দেশ সার, প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গলে হাতির মুখোমুখি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা
×
Comments :0