India vs Pakistan

ভারতের সঙ্গে খেলতে প্রস্তুত পাকিস্তান!

খেলা

বাংলাদেশ ক্রিকেটের পাশে দাঁড়িয়ে আইসিসি’র বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পাকিস্তান। টি-২০ বিশ্বকাপ খেললেও তারা ভারতের বিরুদ্ধে খেলবে না বলে জানিয়ে দেয়। টি-২০ বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা কেটে গেছে। বরিবার জানা গেছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলতে রাজি হয়েছে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন জানা গেছে , রবিবার সকালে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা এবং মুবাশ্বের উসমানি লাহোরে পৌঁছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। যার পরে পিসিবি পাকিস্তানি দলকে সবুজ সংকেত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তান ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে টি-২০ বিশ্বকাপে খেলার অনুমতি দিয়েছিল কিন্তু ভারতের বিরুদ্ধে খেলার অনুমতি দেয়নি। এর পর, আইসিসি একটি বিবৃতি জারি করে সতর্ক করে যে ভারতের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানালে পাকিস্তানকে সমস্যার মুখোমুখি হতে হবে। তখন পিসিবি ফোর্স ম্যাজিওর ধারাটি প্রয়োগ করার চেষ্টা করে। ফোর্স ম্যাজিওর ধারার অধীনে, পাকিস্তান আর্থিক ক্ষতি বা সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে পারত। তবে, এই ধারাটি তখন প্রযোজ্য যখন কোনও দল যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা জনসাধারণের জরুরি অবস্থার মতো পরিস্থিতির কারণে কোনও ম্যাচ থেকে সরে আসে। এই ধারাটি রাজনৈতিক কারণে নেওয়া সিদ্ধান্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
আইসিসি পাকিস্তানকে স্পষ্ট করতে বলেছিল যে কীভাবে ধারাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। আইসিসি পাকিস্তান বোর্ডকে জিজ্ঞাসা করে যে, যখন পাকিস্তানি দল সরকারি নির্দেশে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি খেলতে প্রস্তুত, তখন কেবল একটি ম্যাচ থেকে সরে আসার সিদ্ধান্ত কীভাবে ন্যায়সঙ্গত প্রমাণিত হতে পারে। রিপোর্ট অনুসারে, পাকিস্তান এটি প্রমাণ করতে ব্যর্থ হয় এবং ভারতের সঙ্গে খেলতে রাজি হয়। ফলে, ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ ২০২৬ ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে হওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments :0

Login to leave a comment