PCB

আইসিসি’র সামনে তিন সর্ত রাখলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

খেলা

আগামী ১৫ ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ খেলতে পাকিস্তান রাজি হবে কি না, তা এখন নির্ভর করছে আইসিসি-র ওপর। লাহোরে রবিবার আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।
পিসিবি স্পষ্ট করে দিয়েছে যে, বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে হলে আইসিসি-কে তাদের দাবি গুলো মানতে হবে। তাদের দাবি বর্তমানে আইসিসি-র বার্ষিক আয়ের মাত্র ৫.৭৫ শতাংশ পায় পাকিস্তান  পিসিবি চায় এই শেয়ার বাড়াতে। পাকিস্তানের দাবি দীর্ঘ ১৩ বছর ধরে বন্ধ থাকা ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করার জন্য আইসিসি-কে মধ্যস্থতা করতে হবে। ২০২৫-এর এশিয়া কাপে পহলাগাম জঙ্গি হামলার আবহে ভারতীয় ক্রিকেটাররা পাক ক্রিকেটারদের সাথে হাত মেলাতে অস্বীকার করেছিলেন। পিসিবি চায় আইসিসি নিশ্চিত করুক যে আগামী ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা যেন নিয়মমাফিক হাত মেলান।
উল্লেখ্য এই বিতর্কের মূলে রয়েছে বাংলাদেশ। নিরাপত্তা অজুহাতে ভারতের মাটিতে খেলতে অস্বীকার করায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয় আইসিসি। এরই প্রতিবাদে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়।
ক্রিকেট মহলের মতে, ভারত-পাক ম্যাচ বাতিল হলে আইসিসি ও সম্প্রচারকারী সংস্থাগুলোর কোটি কোটি টাকার ক্ষতি হবে। এই বিপুল আর্থিক ক্ষতির ভয় দেখিয়েই পাকিস্তান মূলত আইসিসি-কে 'ব্যাকফুটে' ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তবে আইসিসি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে, কোনো যৌক্তিক কারণ ছাড়া ম্যাচ বয়কট করলে পাকিস্তানের ওপর বড় ধরনের আর্থিক ও ক্রিকেটীয় নিষেধাজ্ঞা আসতে পারে।
জানা গেছে, পিসিবি চেয়ারম্যান সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে দেখা করবেন। এই আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Comments :0

Login to leave a comment