MA Baby

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ ৯০ লক্ষ নাম, কমিশনকে চিঠি বেবির

জাতীয় রাজ্য

রাজ্যে এসআইআরের পর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ব্যাপক হারে নাম বাদ পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দলের সাধারণ সম্পাদক এমএ বেবি বলেছেন, এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের মোট ভোটারের প্রায় ১২ শতাংশ অর্থাৎ ৯০ লক্ষেরও বেশি মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে গণ-ভোটাধিকার হরণের সুপরিকল্পিত ছক বলে তিনি আক্রমণ করেছেন।
চিঠিতে সিপিআই(এম) সাধারণ সম্পাদক লিখেছে, বহু ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ (বিচারাধীন) নামক একটি অস্বচ্ছ ক্যাটাগরিতে ফেলে রাখা হয়েছিল। নাম সংশোধনের জন্য প্রতিশ্রুতি দেওয়া মেকানিজমগুলি একেবারেই কাজ করেনি বা সাধারণের ধরাছোঁয়ার বাইরে ছিল। 
সিপিআই(এম)-এর দাবি, এটি ভোটার তালিকার কোনও সাধারণ প্রশাসনিক আপডেট ছিল না। স্বচ্ছ ও সরেজমিন (ফিল্ড-বেসড) যাচাইয়ের বদলে 'লজিক্যাল কনসিস্টেন্সি'-র মতো খামখেয়ালি মাপকাঠি এবং অ্যালগরিদমের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে নাম বাদ দেওয়া হয়েছে। আগের নিয়ম ভেঙে এই প্রক্রিয়ায় ভোটারদেরই সন্দেহভাজন হিসেবে দেখা হয়েছে এবং নিজেদের নাগরিকত্ব প্রমাণের দায়ভার তাদের উপরেই চাপিয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষের বিপুল আর্থিক ক্ষতি, হয়রানি, মানসিক ট্রমা এবং এমনকী মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
পুরো প্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন বেবি। অভিযোগ, তালিকাগুলি এমন ফর্ম্যাটে প্রকাশ করা হয়েছে যা বিশ্লেষণযোগ্য নয়, ফলে সাধারণ মানুষ বা বিশ্লেষকরা তা খতিয়ে দেখার সুযোগ পাননি। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক শ্রেণির মানুষ। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম, নারী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশ।
সিপিআই(এম) স্পষ্টভাবে জানিয়েছে, ভোটার তালিকা থেকে এইভাবে নাম বাদ দেওয়া ভারতীয় সংবিধানের ৩২৬ নম্বর অনুচ্ছেদের সরাসরি বিরোধী। ভোটাধিকার একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার, যা নাগরিকের সমতা ও মর্যাদার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। বিশেষত প্রান্তিক শ্রেণির মানুষকে এই অধিকার থেকে বঞ্চিত করা সংবিধানের মূল নীতির ওপর এক বড় আঘাত।
নির্বাচন কমিশনের এই বৈষম্যমূলক ও গণ-ভোটাধিকার হরণের প্রক্রিয়ার তীব্র নিন্দা করে সিপিআই(এম) তাদের বিবৃতিতে জানিয়েছে, যে কোনও মূল্যে ভারতের নির্বাচন কমিশনকে দেশের নাগরিকদের সাংবিধানিক ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে। একটি গণতান্ত্রিক দেশে এইভাবে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যায় না।

Comments :0

Login to leave a comment