কবিতা | পিপাসিত চাঁদ
আয়েশা খাতুন
মুক্তধারা | বর্ষ ৪ | ২৬ জুন ২০২৬
মহরম
কেমন মানুষ তুমি এই নতুন বছর পা রেখেছে
আর তুমি বেরিয়েছো যুদ্ধরথে!
হ্যাঁ নতুন বছর,দেখো, খেজুরবিথির পাশে পশ্চিমাকাশে বাঁকা সরু চাঁদ!
দূরে বহু দূরে সবিতার পড়ন্ত রোদ মরুর বালুময়
পা ছড়িয়ে দিয়েছে বাঁধ তোমার পথে।
কিসের ডঙ্কা বাজে হোসেন? পৃথিবীর আঙিনা জুড়ে ফ্যাসিস্ট ফুটেছে,অন্ধকার দিয়েছে হানা,
কি হবে? কি ঘটে যাবে? সবই তোমার জানা
তবুও একাকী জীবন বাজি রেখে মানুষের কথা
আর মাটির অযথা কলহ কাঁদন মুছেদেবে বলে
গরদান দিয়েছ পেতে!
ইয়াজিদ রেখেছে কারবালা
সে তো মরণের ডালা
সেতো কেবলি চালাকি আর আঘাতে পিপাসা স্বাদ
সবই জেনে আছো তুমি পথে যেতে যেতে।
তবুও প্রশ্ন আসে বারবার
কেন যাও হোসেন দামেস্ক পথে শিশুর আর্তনাদ পিপাসিত দুর্বার হাওয়া তাঁবু থেকে তাঁবু কেবলি ছোটে হাহাকারে
ওরে মহরমের চাঁদ ওরে নতুনের চাঁদ ওরে একলা চাঁদ
ডুবে যা ডুবে যা ডুবে যা হোসেনের
রক্ত -সাগরে।
Comments :0