Md Salim At Purulia

বিজেপি- আরএসএসের বিরুদ্ধে একাট্টা লড়াইয়ের ডাক সেলিমের

রাজ্য জেলা

রবিবার সাঁওতালডিহিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটের সামনে সিপিআই(এম)’র ডাকে জনসভা হয়। মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষের অধিকার আদায়ের লড়াইতে দৃঢ় প্রত্যয়ে থাকার ঘোষণা করে সভায় সেলিম বলেছেন, বিজেপি’র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা হয়ে মাওবাদীদের এনে লাল ঝাণ্ডাকে নিকেশ করতে চেয়েছিলেন। পারেননি। তৃণমূলের নেতারা দল বেঁধে বিজেপিতে যেতে পারে, কিন্তু লাল ঝাণ্ডা মতাদর্শ পালটায় না। কোনো তৃণমূল, কোনো ভাড়াটে দল বিজেপি’র বিরুদ্ধে লড়াই করতে পারবে না। হক কথা বলতে হলে লড়তে হলে, লড়তে হলে ধক লাগে, সেই ধক লাল ঝাণ্ডার আছে। আমাদের ভুল ত্রুটিতে যারা আমাদের থেকে সরে গেছে, তাদের কাছেও যেতে হবে। বাঁচতে হলে সবাইকে এককাট্টা করতে হবে। সেলিম বলেন, আরএসএস বিজেপি মানুষকে কোনো অধিকার দিতে চায় না, তারা কেবল এক জনগোষ্ঠীকে আরেক জনগোষ্ঠীর বিরুদ্ধে লড়িয়ে দিয়ে সবার অধিকার কেড়ে নিতে চায়। সিপিআই(এম)’র পুরুলিয়া জেলা কমিটির দু’দিনের বর্ধিত অধিবেশন শেষে এদিনের এই জনসভায় তিনি বলেছেন, পুরুলিয়া জেলায় বড় বিপদ ঘটাতে চাইছে বিজেপি। নানা জনগোষ্ঠীর মানুষের মধ্যে বিভেদ তৈরির ঘৃণ্য চেষ্টা করছে নিজেদের রাজ কায়েম রাখতে। উত্তরবঙ্গেও এরকম করেছে রাজবংশী, গোর্খালি, গ্রেটারের নামে। ওরা কাশ্মীর ভাগ করে লাদাখকে আলাদা করেছে, কিন্তু লাদাখের মানুষ অধিকার চাইলে সোনম ওয়াংচুকে জেলে পুরেছে। বিজেপি কাউকে অধিকার দেয়নি, ওরা অধিকার কাড়তে গরিব মানুষের ঐক্যে ভাঙন ধরায়। এদিনের বিরাট জন সমাবেশে মহম্মদ সেলিম ছাড়াও ভাষণ দেন সিপিআই(এম)’র পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় এবং অভ্যর্থনা কমিটির সম্পাদক সুনীল মাহাতো। সভাপতিত্ব করেন বিলাসী বালা সহিস। ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী ও রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত সহ পার্টির জেলা নেতৃত্ব। 
রাজ্যে বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে যে বিপদ এসেছে তার স্বরূপ বোঝাতে সেলিম বলেছেন, ছোটো ফুল পঞ্চায়েত পৌরসভার ভোট লুট করেছে। বড় ফুল ভোটার তালিকাই লুট করেছে। তৃণমূল বালি, পাথর লুট করেছে, বিজেপি বাংলার জমি জঙ্গল পাহাড় নদী সব আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছে। সাগর থেকে কৃষ্ণনগর পর্যন্ত গঙ্গার দুধারের জমি আদানিদের দিতে চাইছে। মমতা ব্যানার্জির পাঠশালায় পড়া শুভেন্দু অধিকারী নতুন কিছু করতে পারে না। বুলডোজার দিয়ে ভাঙা যায়, কিছু গড়া যায় না। বলেছিল ডবল ইঞ্জিন সরকার হলে ঘর হবে, দোকানও হবে। ঘর হলে ঝুপড়িতে কে থাকতে যেতো! এখন ঘর দোকান ঝুপড়ি সবই বুলডোজার দিয়ে ভাঙছে। নতুন সরকার ক্ষমতায় এসে কার ফ্রিজে কিসের মাংস আছে খুঁজছে, কে টুপি পরেছে, দাড়ি রেখেছে খুঁজছে। বাঙালি খ্রিস্টান মহিলার হাতের শাখা পাথর দিয়ে ভাঙছে। এগুলো কোনো সরকারের কাজ? সরকারের দেখার কথা কার বাড়িতে ভাত রান্না হয় না, কার বাড়িতে দুধ নেই, কোথায় রাস্তা সেতু নেই, কোন গ্রামে স্কুল নেই, হাসপাতালের আইসিইউ’তে কেন শয্যা নেই। বামফ্রন্ট সরকার এগুলি তিল তিল করে গড়ে দেখিয়ে দিয়েছিল, এরা শুধু ভাঙছে। 
এদিকে মহম্মদ সেলিমকে 'দেশদ্রোহী' বলে মন্ত্রী অর্জুন সিং যে মন্তব্য করেছেন সেই সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেলিম বলেছেন, কে দেশের নাগরিক, কে দেশদ্রোহী, কে দেশপ্রেমী এসবই এখন ঠিক করে দেবে দুষ্কৃতীরা? কমিউনিস্টদের আন্দোলন, সংগ্রামের ইতিহাস সবাই জানে। স্বাধীনতা সংগ্রামের জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদ কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেছিল। কমিউনিস্টরা এখনও দেশের স্বাধীনতা, অখন্ডতা, জাতীয় সংহতি, দেশবাসীর ঐক্যকে বজায় রাখার জন্য লড়াই করছে। আর যারা দেশের ঐক্য ভাঙছে, ভাষা, প্রদেশ, ধর্মের নামে মানুষকে ভাগ করছে তারা মনে করছে কমিউনিস্টরা শত্রু। কারণ ওরাই তো ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করেছিল, আর এখন মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করছে। মমতা ব্যানার্জি গেছে, মোদী, ট্রাম্প, নেতানিয়াহু সবাই যাবে। তাদের হয়ে যারা ভাড়া খাটছে তারা তখন কোথায় যাবে সেটা ঠিক করুক।

Comments :0

Login to leave a comment