পশ্চিমবঙ্গজুড়ে আপাতত জারি বসন্তের মনোরম আবহাওয়া, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সূর্যের তাপ। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বদলাতে পারে আগামী কয়েকদিনের আবহাওয়া এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টির জেরে বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে সতর্কতাও।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া দিতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ কোচবিহারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া দিতে পারে। সেই সঙ্গে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তর বঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে সহ উত্তরবঙ্গের সব জেলা ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া দিতে পারে।ফলে ওই দুদিন গোটা উত্তরবঙ্গ জুড়ে জারি থাকছে হলুদ সতর্কতা। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে এই পরিস্থিতিই জারি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
তবে, বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম আরও বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
Comments :0