২৭ অক্টোবর দেশজুড়ে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানালেন এসআরএফটিআই’র ছাত্রছাত্রীরা। এই কেন্দ্রীয় প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র সংসদের পক্ষে রবিবার, ২৫ অক্টোবর, সাংবাদিক সম্মেলন করা হয়েছে হরেকৃষ্ণ কোঙার ভবনে।
শিক্ষা প্রতিষ্ঠানে আরএসএস-বিজেপি’র একতরফা নিয়ন্ত্রণের প্রতিবাদে ২৭ অক্টোবর দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন।
গত ২৭ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর, পরপর আরএসএস-বিজেপি’র মদতপুষ্ট দুষ্কৃতীবাহিনীর হামলার মুখে পড়ে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। হামলাবাজদের শাস্তির বদলে প্রতিষ্ঠানের প্রতিবাদী ছাত্রছাত্রীদেরই সাসপেন্ড করছে প্রতিষ্ঠান। হস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এসআরএফটিআই’র ছাত্রছাত্রীরা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদে আরএসএস-বিজেপি’র ঘনিষ্ঠদের বসিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষায় একটি নির্দিষ্ট মতাদর্শকে চাপিয়ে দেওয়া হচ্ছে। মুক্তচিন্তা এবং গণতান্ত্রিক প্রতিবাদকে দমিয়ে রাখা হচ্ছে দেশের সর্বত্র। ইতিহাসের খন্ডিত উপস্থাপনারও প্রতিবাদ করছেন ছাত্রছাত্রীরা।
এসআরএফটিআই ছাত্র সংসদের সভাপতি ব্লসম হাজারিকা, সহ সভাপতি শুভম ওয়েদণ্ডে ২৭ অক্টোবরের কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছেন।
ক্যাম্পাসে ক্যাম্পাসে আরএসএস-বিজেপি’র মদতপুষ্ঠ গুন্ডাবাহিনীর আক্রমণ বন্ধ করার দাবিও তুলেছেন তাঁরা।
এদিন এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সংহতি জানিয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর বা জামিয়া মিলিয়ার প্রতিবাদী ছাত্রদের আন্দোলনকে।
এসআরএফটিআই ছাত্র সংসদ প্রতিবাদ জানিয়েছে দলিত, আদিবাসী বা প্রান্তিক অংশের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধেও।
তাঁরা বলেছেন, শিক্ষার তুমুল বাণিজ্যিকীকরণ চলছে। সকলের জন্য শিক্ষার ধারণাকেই ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে নয়া শিক্ষানীতির নামে। এই নয়া শিক্ষানীতি বাতিল করতে হবে। সব প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্র সংসদের দাবিও জানান তাঁরা।
তাঁরা জানান, যে এসআরএফটিআই’র উপাচার্য সমানে প্রতিবাদী ছাত্রছাত্রীদের হুমকি দিয়ে চলেছেন। বহিষ্কার করেছেন ৬ ছাত্রকে। অসত্য কথা ছড়াচ্ছেন তিনি নিজেই। তার ওপর প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। হস্টেল ফাঁকা করতে বলেছেন। হস্টেলে জল নেই, বিদ্যুৎ নেই।
এসআরএফটিআই’র ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে সারা দেশের ছাত্র আন্দোলন। এসএফআই’র মতো বামপন্থী সংগঠনগুলি হামলার তীব্র নিন্দা করেছে। কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস।
সংহতি জানিয়েছেন অভিনেতা নাসিরুদ্ধিন শাহ, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাড়িয়াও।
Comments :0