ভোটের মুখে উন্নয়নের বড় বড় দাবি আর প্রতিশ্রুতির মাঝেই গোয়ালপোখরের সাহাপুরে ঘটল এক চরম অব্যবস্থার নজির, যার খেসারত দিতে হল গরিব আদিবাসী পরিবারগুলিকে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য-এর হেলিকপ্টার অবতরণের সময় প্রবল হাওয়ায় উড়ে গেল একাধিক কাঁচা বাড়ির টিনের চাল। মঙ্গলবার দুপুরে সাহাপুর ফুটবল মাঠে বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাসের সমর্থনে জনসভার জন্য তৈরি করা হয় হেলিপ্যাড, কিন্তু সেই হেলিপ্যাড তৈরির আগে আশেপাশের বসতি নিয়ে ন্যূনতম পরিকল্পনা বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি-এমনই অভিযোগ স্থানীয়দের।
হেলিকপ্টার নামার সময় সৃষ্ট তীব্র হাওয়ায় কয়েকটি আদিবাসী পরিবারের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দিনমজুরির উপর নির্ভরশীল এই পরিবারগুলির পক্ষে হঠাৎ করে বাড়ি মেরামত করা কার্যত অসম্ভব। ক্ষতিগ্রস্তদের একজন সুজন হাসদা ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘এভাবে টিনের চাল উড়ে গেলে বাচ্চাদের নিয়ে কোথায় থাকব, বুঝতে পারছি না।’’ এই ঘটনায় বিজেপির তরফে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কবে সেই সাহায্য পৌঁছবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, শুধুমাত্র রাজনৈতিক প্রচারের জন্য সাধারণ মানুষের নিরাপত্তাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। পরিকল্পনার অভাব এবং দায়িত্বজ্ঞানহীনতার জ্বলন্ত উদাহরণ এই ঘটনা।
অন্যদিকে, বিরোধী দল সিপিআই(এম) শুধু বিজেপিকেই নয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও কাঠগড়ায় তুলেছে। সিপিআই(এম)’র স্থানীয় নেতা মানজার আকিল অভিযোগ করেন, বছরের পর বছর আদিবাসী পরিবারগুলি আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত। যদি পাকা বাড়ি থাকত, তাহলে আজ এই দুর্দশা দেখতে হতো না। তিনি সরাসরি আক্রমণ করেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী গোলাম রব্বানী-কে, দাবি করেন আদিবাসী উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার। এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল, একদিকে বিজেপির অব্যবস্থা ও হঠকারিতা, অন্যদিকে তৃণমূলের দীর্ঘদিনের উদাসীনতা—দুইয়ের মাঝখানে পড়ে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ভোটের আগে প্রতিশ্রুতির ফুলঝুড়ি থাকলেও বাস্তবে মানুষের নিরাপত্তা ও মৌলিক চাহিদা যে এখনও উপেক্ষিত, সাহাপুরের এই ঘটনা তারই প্রমাণ।
Helicopter Incident In Goalpokhar
বিজেপির রাজ্য সভাপতির হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত একাধিক ঘরবাড়ি
×
Comments :0