মার্চের শেষলগ্নে এসে উত্তরবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত বৈপরীত্য দেখা যাচ্ছে। একদিকে সমতলে বৃষ্টির দাপট, অন্যদিকে পাহাড়ের চূড়ায় চলছে অকাল তুষারপাত। বিশেষ করে সান্দাকফুতে তুষারপাতের জেরে পর্যটন ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শুক্রবার রাত থেকে সান্দাকফুতে ভারী তুষারপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পর্যটন কেন্দ্রটি বর্তমানে প্রায় ছয় ইঞ্চি পুরু বরফের চাদরে ঢাকা। এই পরিস্থিতিতে শতাধিক পর্যটক সেখানে আটকে পড়েছেন। সিঙ্ঘালীলা ন্যাশনাল পার্ক এলাকায় প্রযুক্তির সীমাবদ্ধতা থাকায় বরফ সরানোর কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে, তবে জিটিএ-র কর্মীরা পর্যটকদের নিরাপদে নিচে নামিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
তুষারপাত থেকে রেহাই পায়নি সিকিমও। লাচেন, থাঙ্গু এবং গুরুদোংমার যাওয়ার রাস্তা বর্তমানে বন্ধ। ইউমথাং থেকে জিরো পয়েন্ট যাওয়ার পথও বরফে অবরুদ্ধ। বড় গাড়ি চলাচলের ওপর প্রশাসনের তরফে কড়া সতর্কতা জারি করা হয়েছে।
আবহবিদদের মতে, পশ্চিমি ঝঞ্ঝার কারণেই এই খামখেয়ালি আবহাওয়া। আগামী ২৮ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উঁচু পার্বত্য এলাকাগুলোতে আরও কয়েকদিন তুষারপাত চলতে পারে। তবে রবিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতির আশা দেখছে আবহাওয়া দপ্তর।
Snowfall
বরফে ঢাকল সান্দাকফু! বিপর্যস্ত পর্যটন ও জনজীবন
×
Comments :0