এসআইআর প্রক্রিয়ায় ভোটের তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজনের করা আবেদন শুক্রবার খারিজ করলো সুপ্রিম কোর্ট। এর মধ্যে ৬৫ জন এমন ব্যক্তিরও আবেদনপত্র রয়েছে যারা বর্তমানে নির্বাচনী দায়িত্বে রয়েছেন।
এদিন শীর্ষ আদালত তাঁদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা বাদ দেওয়ার বিরুদ্ধে আবেদন নিষ্পত্তির জন্য গঠিত আপিল ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে বলেছেন।
দুটি পৃথক আবেদনে আবেদনকারীদের পক্ষে উপস্থিত আইনজীবীকে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও বিপুল এম পাঞ্চোলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে, "আপনাদের এই যুক্তিগুলি আপিল ট্রাইব্যুনালের সামনেই উত্থাপন করতে হবে।"
আবেদনকারীদের আইনজীবী যুক্তি দেন যে এই আবেদনগুলির মধ্যে পার্থক্য হল, ৬৫ জন আবেদনকারী রাজ্যের নির্বাচনী দায়িত্বে রয়েছেন।
আইনজীবী আরও যুক্তি দেন, " নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য যে নির্দেশিকা জারি করা হয় সেখানে তাদের সচিত্র ভোটার পরিচয়পত্রের এপিক নম্বর উল্লেখ করার কথা বলা হয়, যা আগেই এসআইআর প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে। বর্তমানে তারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। আপাতদৃষ্টিতে যা একটি স্বেচ্ছাচারী পদক্ষেপ।
তিনি বলেন, এসআইআর প্রক্রিয়ার সময় ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়াটা "স্বেচ্ছাচারী"পদক্ষেপ ছিল, কি কারণে তাদের নাম বাদ দেওয়া হলো তার কোন কারণ উল্লেখ করা হয়নি আবেদনকারীদের কাছে।
আইনজীবী যুক্তি দেন যে আবেদনকারীরা ইতোমধ্যে আপিল ট্রাইব্যুনালে তাদের আপিল দাখিল করেছেন।
এদিন বেঞ্চের তরফে জানানো হয়, "আপিল ট্রাইব্যুনাল যথাযথ আদেশ জারি করবে।" বেঞ্চ আরও জানায় যে, ভোটার তালিকায় আপনাদের নাম না থাকার বিষয়টি আমাদের কাছে বেশি গুরুত্ত্বপূর্ণ, আমরা সেই বিষয়টিকে পুনর্বিবেচনা করবো।"
শীর্ষ আদালত যথাক্রমে ৭১ জন ও ছয়জনের দায়ের করা দুটি পৃথক আবেদনের শুনানি করছিল।
আবেদনগুলিতে শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যাতে যেসব আবেদনকারীর আপিল এখনও বিচারাধীন রয়েছে, তাঁদের চলমান পশ্চিমবঙ্গ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করার অনুমতি দেওয়া হয়।
পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রথম পর্ব ২৩শে এপ্রিল অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ করা হবে ২৯শে এপ্রিল। সেইসঙ্গে, ফলাফল ঘোষণা করা হবে ৪ঠা মে। গত ১৩ এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে ট্রাইবুনালে আবেদনকারীরা অনুমতি পেলে ভোটার তালিকায় নাম যুক্ত করতে হবে। সেই মতো প্রথম দফার জন্য ২১ এপ্রিল এবং দ্বিতীয় দফার কেন্দ্রগুলির জন্য ২৭ এপ্রিল নির্বাচন কমিশনকে তালিকা তৈরি করতে হবে।
Supreme Court Poll workers SIR
আবেদন জানাতে হবে ট্রাইবুনালে, এসআইআর-এ বাদ ভোটকর্মীদের জানালো সুপ্রিম কোর্ট
×
Comments :0