বুধবার দুপুরেই কলকাতা ছাড়েন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার কয়েক ঘন্টা পর সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছান নতুন রাজ্যপাল আর এন রবি। কলকাতা বিমানবন্দরের তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। গত ৫ মার্চ সিভি আনন্দ বোস হঠাৎ করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর, আরএন রবিকে একই দিনে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় লোকভবনে শপথ নেবেন তিনি। এদিন নবান্নের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বৃহস্পতিবার লোকভবনে রাজ্যের নতুন রাজ্যপাল আর এন রবিকে শপথ বাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে সিভি আনন্দ বোসের পদত্যাগ রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। কলকাতা ত্যাগ করার আগে, সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গকে তাঁর "দ্বিতীয় বাড়ি" হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, রাজ্যে তাঁর যাত্রা এখনও শেষ হয়নি। বাংলার জনগণের কাছে লেখা একটি চিঠিতে, প্রাক্তন রাজ্যপাল তার মেয়াদকালে প্রাপ্ত সমর্থন এবং স্নেহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে তাঁর বিদায়ী বার্তায় তিনি বলেন, "বহু দশক আগে মহাত্মা গান্ধী বলেছিলেন, 'আমি বাংলা ছেড়ে যেতে পারব না, আর বাংলা আমাকে যেতে দেবে না।' আজও আমার একই অনুভূতি।" সিভি আনন্দ বোস কলকাতা ছাড়ার কয়েক ঘণ্টা পরেই সস্ত্রীক রাজ্যে পা রাখেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।
RN Ravi
কলকাতায় এলেন নতুন রাজ্যপাল
×
Comments :0