ইশ্তেহারেও অনুপ্রবেশ প্রসঙ্গ। ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশ বন্ধ করবে বিজেপি। সীমান্তে বাড়ানো হবে নিরাপত্তা, বন্ধ হবে গরু পাচার। নিউ টাউনে বিজেপির ইশ্তেহার প্রকাশ অনুষ্ঠানে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘বাংলার শিক্ষা, কর্মসংস্থানের উন্নতি করবে বিজেপি। নতুন কারখানা হবে। অনুপ্রবেশ বন্ধ করা হবে।’
শাহ বলেন, অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। আমাদের ক্ষমতায় আনুন, বাংলা থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। এক্ষেত্রে আমরা ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতিতে কাজ করব। রাজ্য এবং দেশের সুরক্ষা নিয়ে কোনও আপস নয়
বিধানসভা নির্বাচনের আগে এসআইআরের সময় বিজেপি বার বার বলে এসেছিল অনুপ্রবেশকারিদের খুঁজে খুঁজে বার করা হবে। কিন্তু যাদের নাম বাদ গিয়েছে তাতে কোন অনুপ্রবেশকারি নেই। নাম বাদ গিয়েছে প্রান্তিক অংশের মানুষের এবং মহিলাদের।
বিজেপির ইশ্তেহারে বলা হয়েছে মহিলাদের মাসে তিন হাজার টাকা দেওয়া হবে ভাতা হিসাবে। কিন্তু মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠী তৈরি বা অন্য কোন প্রকল্পের কথা উল্লেখ নেই। বলা হয়েছে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে। উল্লেখ্য মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ বামফ্রন্ট তাদের ইশ্তেহারে প্রথম উল্লেখ করেছে।
বামফ্রন্টের ইশ্তেহারে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বলা হয়েছে, ভাতাপ্রাপ্ত সব মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে উন্নত করে তাঁদের আয় কয়েকগুণ বাড়ানোর ব্যবস্থা করা হবে। ৫ বছরের মধ্যে ২০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক এবং নাবার্ডের মাধ্যমে সহজ শর্তে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণদানের ব্যবস্থা করা হবে।
গ্রামীণ অর্থনীতিকে অবৈধ-বেআইনি মাইক্রোফিনান্সের জাল থেকে মুক্ত করা হবে এবং এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, বকেয়া আদায়ের নামে গ্রামীণ মহিলাদের উপর মাইক্রোফিনান্স কারবারিদের অত্যাচার কঠোর ভাবে দমন করা হবে।
শিল্পাঞ্চলে শিশুসেবা কেন্দ্র স্থাপন এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সমান মর্যাদা নিশ্চিত করা, প্রাপ্তবয়স্ক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় জোর দিয়ে ধর্মান্ধতা ও সামাজিক কুসংস্কার দূর করার প্রচেষ্টা করা হবে। প্রতিটি জেলায় পুলিশের নিজস্ব কিন্তু 'স্বশাসিত অভয়া বাহিনী' তৈরি হবে, যারা বিশেষ ক্ষমতা নিয়ে নারী নির্যাতন দমন করবে।
মাইক্রোফিনান্সের দাপট নিয়ে কোন কথা নেই বিজেপির ইশ্তেহারে।
ইশ্তেহার প্রকাশ অনুষ্ঠানে অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে শিল্প করিডোর তৈরি হবে। উল্লেখ্য সিঙ্গুরের টাটা কারখানা বন্ধ করার তৃণমূলের যেই আন্দোলন তার অন্যতম শরিক ছিল বিজেপি। তৎকালিন বিজেপির সভাপতি রাজনাথ সিংকে বার বার দেখা গিয়েছিল তৃণমূল নেত্রীর ধর্ণা মঞ্চে।
BJP MANIFESTO
বিজেপির ইশ্তেহার অনুপ্রবেশ ঠেকানোর প্রতিশ্রুতি, প্রান্তিক অংশের মানুষের নাগরিকত্ব নিয়ে উঠছে প্রশ্ন
×
Comments :0