General Naravane Book

নারাভানে বই বিতর্কে আসরে দিল্লি পুলিশ

জাতীয়

প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম.এম. নারাভানের অপ্রকাশিত বই ‘ফোর স্টারস অফ ডেসটিনি’  নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। এই ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করল দিল্লি পুলিশ। বুধবার এই বইটির প্রকাশক সংস্থা পেঙ্গুইন র্যাবন্ডম হাউস ইন্ডিয়াকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
দিল্লি পুলিশের স্পেশাল সেল ইতিমধ্যেই এই ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে। অপরাধমূলক ষড়যন্ত্র এবং বইটির পাণ্ডুলিপি অবৈধভাবে ফাঁস করার অভিযোগে এই মামলা রুজু করা হয়েছে। পুলিশি নোটিশে প্রকাশকের কাছে জানতে চাওয়া হয়েছে, কীভাবে একটি অপ্রকাশিত বইয়ের বিষয়বস্তু বাইরে এল এবং তদন্তে সহযোগীতা করার জন্য সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিতর্কের সূত্রপাত ঘটে যখন লোকসভায় দাঁড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই বইটির কিছু অংশ উদ্ধৃত করে সরকারকে আক্রমণ করেন। রাহুল দাবি করেন, ২০২০ সালে ভারত-চীন সীমান্ত উত্তেজনার সময় কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত ছিল। তার দাবি অনুযায়ী, চীনের ট্যাঙ্ক ভারতের দিকে এগিয়ে আসার সময় দিল্লি থেকে জেনারেল নারাভানেকে বলা হয়েছিল, ‘আপনার যা উপযুক্ত মনে হয়, তাই করুন।’
রাহুলের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, একটি অপ্রকাশিত বইয়ের তথ্য সংসদে উপস্থাপন করা যায় না। অধ্যক্ষ ওম বিড়লাও রুলিং দেন যে, যেহেতু বইটি এখনও প্রকাশিত হয়নি এবং এর সত্যতা প্রমাণিত নয়, তাই এটি উদ্ধৃত করা যাবে না।
অন্যদিকে সংসদ চত্বরে একটি হার্ডবাউন্ড বই হাতে নিয়ে রাহুল গান্ধী সরকারকে পাল্টা চ্যালেঞ্জ করেন। সরকার বইটি অস্তিত্বহীন বললেও রাহুল দাবি করেন, বইটি বাজারে আসার অপেক্ষায় ছিল। তিনি জেনারেল নারাভানের ২০২৩ সালের একটি টুইটও তুলে ধরেন যেখানে লেখা ছিল, ‘আমার বইটি এখন পাওয়া যাচ্ছে।’ রাহুল প্রশ্ন তোলেন, হয় প্রকাশক নয়তো জেনারেল নরভন কেউ একজন সত্যি বলছেন না।
বিতর্ক বাড়তে থাকায় পেঙ্গুইন পাবলিশার্সের পক্ষ থেকে বলা হয়, বইটি এখনও প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। বইটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়নি, এটি শুধুমাত্র অ্যামাজনে প্রি-অর্ডার-এর জন্য তালিকাভুক্ত ছিল। 
জেনারেল নারাভানে নিজেও জানিয়েছেন যে, বইটি এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি।

Comments :0

Login to leave a comment