Protest In Nadia

গ্রেপ্তার বিজ্ঞানকর্মী ও তাঁর পরিবারের মুক্তির দাবিতে অবস্থান বিক্ষোভ

রাজ্য জেলা

বিজ্ঞান ও সমাজকর্মী আবির চাঁদ ও তাঁর পরিবারের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে প্রতিবাদ সভা হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, জলঙ্গি নদী সমাজ, অঞ্জনা নদী বাঁচাও কমিটি, গণদর্পন সহ অন্যান্য বিজ্ঞান ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদ সভায় যোগ দিয়ে আবির চাঁদ ও তাঁর পরিবারের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। 
বক্তারা বিক্ষোভ সভায় মৌলবাদী ও পশ্চাদপদ চিন্তাভাবনার বিরুদ্ধে লড়াইয়ে বিজ্ঞান মনস্ক সকল মানুষকে সামিল হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দাবি ওঠে অবিলম্বে আমির চাঁদ শেখ সহ পরিবারের সকল সদস্যকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন রাজ্যের সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী ও নদীয়া জেলা সম্পাদক সোমনাথ মজুমদার। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন জলঙ্গি নদী সমাজের নেতৃত্ব দীপক রায়। মৌলবাদী এবং রাজনৈতিক শক্তির কাছে পুলিশ প্রশাসন নতিস্বীকার করেছে বলে অভিযোগ করেন সৌরভ চক্রবর্তী। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমির চাঁদ শেখের গ্রামে সবাই মিলে রক্তদান ও মরণোত্তর অঙ্গদান শিবির সংগঠিত করার প্রস্তাব দেওয়া হয়। আমির চাঁদের মায়ের মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। কিডনি চুরির অভিযোগে মিথ্যা প্রমাণিত হয়েছে। বিক্ষোভ সভা শেষে অবিলম্বে আমির চাঁদ শেখ ও তাঁর পরিবারের সদস্যদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে ও পরিবারের নিরাপত্তার দাবি জানিয়ে কোতোয়ালি থানায় স্মারকলিপি প্রদান করা হয়।
গত রবিবার নদীয়া জেলার কৃষ্ণনগরের দিগনগর গ্রামে মায়ের ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর তাঁর চক্ষুদান করেন বিজ্ঞানকর্মী পুত্র এবং পরিবার। ছিল কাগজপত্রও। স্থানীয় একাংশের মিথ্যা অভিযোগের জেরে হেনস্তার শিকার হয় গোটা পরিবার। পুলিশ গ্রেপ্তার করে পরিবারের সদস্যদের। আবির চাঁদ ও তাঁর পরিবারের নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন অবস্থান বিক্ষোভ হয়।

Comments :0

Login to leave a comment