Rafale

আরও রাফাল কিনতে চলেছে ভারত

জাতীয় আন্তর্জাতিক

ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরের আগেই ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবটি প্রতিরক্ষা পরিষদ থেকে ছাড়পত্র পেতে চলেছে বলে সূত্রের খবর। প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকার এই চুক্তি ভারতের সামরিক ইতিহাসে অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা পরিষদ আগামী কয়েক দিনের মধ্যেই এই প্রকল্পের জন্য প্রয়োজনীয়তার স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে বলে জানা গিয়েছে। গত মাসেই প্রতিরক্ষা সচিবের নেতৃত্বাধীন ডিফেন্স প্রকিউরমেন্ট বোর্ড এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছিল। বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে অনুমোদিত ৪২টি স্কোয়াড্রনের বদলে মাত্র ২৯টি স্কোয়াড্রন রয়েছে। 
সূত্রের খবর এই চুক্তির একটি বিশেষ দিক হলো দেশীয় উৎপাদন। প্রস্তাব অনুযায়ী মোট ১১৪টি বিমানের মধ্যে ১৮টি সরাসরি ফ্রান্স থেকে আসবে। বাকি ৯৬টি বিমান ভারতেই তৈরি করা হবে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, রাফাল ভারতীয় বায়ুসেনার জন্য একটি ফোর্স মাল্টিপ্লায়ার। এর রাডার ও সেন্সর ব্যবস্থা শত্রুপক্ষের অবস্থান নির্ভুলভাবে চিহ্নিত করতে সক্ষম। এতে রয়েছে মেটিওর বিয়ন্ড-ভিজ্যুয়াল-রেঞ্জ মিসাইল এবং স্কাল্প ক্রুজ মিসাইল, যা অনেক দূর থেকেই শত্রুঘাঁটি ধ্বংস করতে পারে।

Comments :0

Login to leave a comment