বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে সোমবার সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
উল্লেখ্য, এবার সেমেস্টার পদ্ধতিতে নেওয়া হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২৫ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়েছিল তৃতীয় সেমেস্টার। বৃহস্পতিবার থেকে শুরু চতুর্থ সেমেস্টার। তৃতীয় সেমেস্টারের ফল বের হয় অক্টোবরে। এবার সেই পদ্ধতি মেনেই ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
মূল বিষয়গুলির জন্য সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষার সময় ঠিক করা হয়েছে। পাশাপাশি, বাকি ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষার জন্য সকাল ১০ থেকে দুপুর ১১টা ১৫ পর্যন্ত সময় দেওয়া হবে। তবে পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।
সংসদ জানিয়েছে, চতুর্থ সেমেস্টারের পরীক্ষা নেওয়ার পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরোনো পদ্ধতিতে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদেরও পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে ৭.১০ লক্ষ বসবে পরীক্ষা। এবারের উচ্চমাধ্যমিকে চতুর্থ সেমেস্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬,৩৫,৮৬৪। আগেরবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থী ৫.০৯ লক্ষ। সেই তুলনায় বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা।
এবার ৭.১০ লক্ষ পরীক্ষায় মোট ছাত্রের সংখ্যা ৩,১৫,৭৩২ এবং ছাত্রী সংখ্যা ৩,৯৫,০৭৯। ছাত্রদের তুলনায় প্রায় ৭৯,৩৪৭ জন বেশি ছাত্রী এবারের পরীক্ষায় বসতে চলেছে। পাশাপাশি,বিশেষ চাহিদা সম্পন্ন ৪৬৫ জন পরীক্ষার্থী বসছেন এবারের পরীক্ষায়। মোট ২১০৩টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। বিগত বছরের মতো এবছরও বাংলা, ইংরেজি, হিন্দি সহ অলচিকি ভাষাতেও করা হবে প্রশ্নপত্র।
Higher Secondary 2026
উচ্চমাধ্যমিক শুরু ১২ ফেব্রুয়ারি, চতুর্থ সেমেস্টারে পরীক্ষার্থী ৬.৩৫ লক্ষ
×
Comments :0