ধারে সিগারেট না পেয়ে দোকানে ঢুকে যুব তৃণমূল নেতার তান্ডব চালানোর ঘটনাকে ঘিরে নকশালবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ধারে সিগারেট দিতে রাজি হননি দোকানদার। নেশার জিনিস না পেয়ে নকশালবাড়ি বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত তৃণমূল নেতার নাম পার্থ সারথী মুখার্জি। দার্জিলিঙ জেলার নকশালবাড়ি যুব তৃণমূল সাধারণ সম্পাদক ওই তৃণমূল নেতা। নকশালবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানে গিয়ে তৃণমূল নেতা সিগারেট নিয়ে পরে টাকা দেবেন বললে দোকানদার রাজি না হওয়ায় ওই দোকানে ভাঙচুর চালায় ওই নেতা। দোকানের সিসিটিভি ক্যামেরায় বন্দী ঘটনার ফুটেজ সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিও’র সত্যতা যাচাই করেনি গণশক্তি ডিজিটাল। ভিডিও ভাইরাল হতেই ঘটনাকে কেন্দ্র করে গোটা নকশালবাড়ি এলাকায় প্রবল শোরগোল পড়ে যায়।
দোকানের মালিক তপন পালের অভিযোগ, চলতি মাসের ৬ তারিখের ঘটনা। রাত প্রায় একটা নাগাদ তাঁর দোকানের সামনে এসে একটি গাড়ি দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে ওই তৃণমূল নেতা। বাকিতে সিগারেট চায়। বলেন, টাকা পরে দেব। বিনে পয়সায় সিগারেট দিতে রাজি না হওয়ায় বচসা বাধে। এরপরেই আমার দোকানে ঢুকে ভাঙচুর চালায়। জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয়। ঘটনার পর তৃণমূল নেতা পার্থ সারথী মুখার্জি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ যুব তৃণমূলের ওই নেতা সহ বাকিদের আটক করলেও পরবর্তীতে অভিযুক্ত যুব তৃণমূলের নেতা জামিন পায়। ঘটনার পরেই তৃণমূ ও বিজেপি দুই দলের মধ্যে রাজনৈতিক চাপনউতোর শুরু হয়ে যায়। মঙ্গলবার ভাঙচুর চালানো দোকানদারের বাড়িতে পৌঁছে যান তৃণমূল ও বিজেপি দুই দলের লোকজন। তৃণমূলের তরফে জানানো হয়েছে কেন এমন ঘটনা ঘটিয়েছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে নেতার কাছ থেকে। ২৪ ঘন্টার মধ্যে শোকজের উত্তর না মিললে অভিযুক্ত তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে।
দার্জিলিঙ জেলা তৃণমূলের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুয়াল ওই দোকানদারের সাথে দেখা করেন। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আইনের চোখে সকলেই সমান। আইন আইনের পথেই চলবে। এমন ঘটনা বরদাস্ত করা হবে না। অভিযুক্তকে শোকজ করেছি। জানা গেছে, অভিযুক্ত তৃণমূল নেতা এক সময় নকশালবাড়ির তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন। বিভিন্ন সময় তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
Naxalbari TMC
ধারে সিগারেট না পেয়ে দোকানে ভাঙচুর নকশালবাড়ির তৃণমূল নেতার
×
Comments :0