SIR Supreme Court By Election

‘এ তো কেবল উপনির্বাচন’, মন্তব্য প্রধান বিচারপতির, নাম বাদে জরুরি শুনানির আর্জি খারিজ

জাতীয়

ট্রাইবুনালে ঝুলে থাকা এসআইআর-এ বাদ নামের আবেদনে জরুরি শুনানির আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তের পাশাপাশি প্রধান বিচারপতির মন্তব্য ঘিরে বিভিন্ন স্তরে প্রশ্ন উঠেছে।
দ্বিতীয়বারও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না ১৮ হাজারের বেশি ভোটদাতা। আবেদন ঝুলে রয়েছে ট্রাইবুনালে। নন্দীগ্রাম এবং রেজিনগর, রাজ্যের দুই বিধানসভা দুই কেন্দ্রে উপনির্বাচন ৬ অক্টোবর। সওয়ালে জানানো হয় বিধানসভা ভোটেও আবেদনকারীরা অংশ নিতে পারেননি। ফলে জরুরি শুনানি করা হোক।
প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে ছিল মামলা। তিনি মন্তব্য, ‘‘এ তো কেবল উপনির্বাচন।’’ তিনি জানান ৫ অক্টোবর আবেদনের শুনানি হবে।  
প্রধান বিচারপতির সঙ্গে বেঞ্চে ছিলেন দুই বিচারপতি জয়মাল্য বাগচী এবং ভি মোহনা। 
আবেদনকারীদের পক্ষে আইনজীবী বলেন, ২৯ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে বিশদে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ২৯ সেপ্টেম্বরের তালিকায় এই মামলা নেই। সুপ্রিম কোর্টের সূচিতে ৫ অক্টোবর শুনানির দিন ঠিক করা রয়েছে। কিন্তু ৬ অক্টোবরই রয়েছে রেজিনগর এবং নন্দীগ্রাম কেন্দ্রের উপনির্বাচন। 
পশ্চিমবঙ্গে এসআইআর-এ বাদ নামের শুনানিতেই সুপ্রিম কোর্টকে ট্রাইবুনাল গড়তে হয়েছিল। ভোটার তালিকার দায়িত্ব নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে থাকে। তার আগে এসআইআর-র আবেদন বিবেচনার জন্য বিচারপতিদের দায়িত্ব দিতে হয়েছিল। রাজ্য সরকার এবং কমিশনের সংঘাতের পরিস্থিতি বিবেচনায় রেখেছিল শীর্ষ আদালত। 
সে সময়ে সুপ্রিম কোর্ট বলেছিল যে অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক সিদ্ধান্ত নিতে হচ্ছে। কিন্তু ট্রাইবুনালে আবেদন ঝুলেই থাকছে পরিকাঠামোর অভাবে। একটি প্রতিবেদনে দেখা গিয়েছে সব আবেদনের নিষ্পত্তি হতে ১২ বছর লেগে যাবে।

Comments :0

Login to leave a comment