Modi Panihati

আরজি কর নিয়ে সরব, ঘটনার সিবিআই তদন্ত নিয়ে নীরব মোদী

রাজ্য

পানিহাটির সভায় প্রধানমন্ত্রীর মুখে আরজি করের নির্যাতীতার প্রসঙ্গ। শুক্রবার পানিহাটির অমরাবতীর মাঠে নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী, আরজি করের নির্যাতীতার মা রত্না দেবনাথ। সভায় নরেন্দ্র মোদী বলেন, ‘একজন মা অনেক স্বপ্ন নিয়ে নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। কিন্তু তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে তার থেকে ছিনিয়ে নিয়েছে।’ তিনি দাবি করেন বিজেপি নির্যাতীতার মাকে প্রার্থী করেছেন যাতে তিনি বিধানসভায় প্রতিবাদী মুখ হতে পারেন।
উল্লেখ্য ২০২৪ সালের ৯ আগস্ট রাতে আরজি কর হাসপাতালে চিকিৎসককে খুন ও ধর্ষণের যেই ঘটনা ঘটে সেই ঘটনাকে আত্মহত্যা বলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে পুলিশ। মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্তদের আন্দোলনের জেরে চাপে পড়ে প্রশাসন। গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। দাবি করা হয় সঞ্জয় ধর্ষণ করে খুন করেছেন চিকিৎসককে। কিন্তু পারিপার্শিক প্রমান অন্য কথা বলেছিল। বিভিন্ন রিপোর্টে পাওয়া যায় এই কাজের সাথে একাধিক জন যুক্ত।
হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে মামলা যায় সিবিআই-এর হাতে। সেখানেও দেখা যায় কলকাতা পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে যেই রিপোর্ট দিয়েছে তাকেই কার্যত শীলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সিবিআই। সেই সময় সিবিআই তদন্তের ওপর অনাস্থা প্রকাশ করেন রত্না দেবনাথ এবং তার স্বামী। আদালতে তারা একাধিক প্রশ্ন তোলেন এবং প্রকাশ্যেও সিবিআই তদন্ত নিয়ে তারা প্রশ্ন তোলেন।
যেই মা এক সময় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল তাকেই আজ পানিহাটিতে প্রার্থী করেছে বিজেপি। 
এদিনের পানিহাটির সভা থেকে নরেন্দ্র মোদী রাজ্যের বেহাল নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা করেছেন। উল্লেখ্য এরাজ্যে মহিলাদের যেমন কোন নিরাপত্তা নেই ঠিক বিজেপি শাসিত রাজ্য গুলোয় একই অবস্থা। পাশের রাজ্য ওড়িশায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই লাগাতার বেড়েছে নারী নির্যাতনের ঘটনা। হাথরাস, উন্নাওয়ের মতো ঘটনা চোখে আঙুল দিয়ে গোটা দেশকে দেখিয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের অবস্থা।

Comments :0

Login to leave a comment