Supreme Court SIR

ট্রাইব্যুনালের শুনানি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, রিপোর্ট চাইলো সুপ্রিম কোর্ট

জাতীয় রাজ্য

ট্রাইব্যুনালের শুনানি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, ট্রাইব্যুনালে শুনানি চালিয়ে নাম তোলার প্রক্রিয়া সচল রাখতে হবে। অভিযোগ শীর্ষ আদালতের সেই নির্দেশ মানা হচ্ছে না। এবার এই টালবাহানা নিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জবাব চাইবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ ট্রাইব্যুনালে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে আইনজীবী দেবদত্ত কামাত অভিযোগ করেন, ট্রাইব্যুনাল গুলি সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে কাজ করছে না। ট্রাইব্যুনালে কোনও আইনজীবীকে ঢুকতে দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ জানানো হয়েছে যাদের নাম বাদ গিয়েছে তাদেরও সশরীরে হাজিরা দিতে দেওয়া হচ্ছে না।
আদালতের কাছে এই অভিযোগ জমা পড়ার পর প্রধান বিচারপতি জানিয়েছেন তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে এই বিষয় রিপোর্ট চাইবেন। 
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখার দায়িত্ব কলকাতা হাইকোর্টকে দিয়েছিল সুপ্রিম কোর্ট। 
সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ভোটের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের নাম মঞ্জুর করবে, তারাই ভোট দিতে পারবেন। কিন্তু অভিযোগ উঠেছে, ট্রাইব্যুনালের কাজই ঠিকমতো শুরু হয়নি। ফলে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার এখন অনিশ্চয়তার মুখে। আগামী ২৩ এপ্রিল এই সব ভোটাররা ভোট দিতে পারবেন কি না সেই নিয়ে রয়েছে প্রশ্ন।

Comments :0

Login to leave a comment