Eviction Notice

রেলের নোটিশে আশঙ্কায় কামারডাঙ্গা রেল বস্তির ১১ পরিবার

রাজ্য জেলা

আবারও নতুন করে স্ত্রী, দুই কন্যাকে নিয়ে গৃহহীন হবার আশঙ্কায় দিন কাটাচ্ছেন সুর্দশন মাজি। রেলের পক্ষ থেকে বুধবারের মধ্যে ঘর ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ হাতে পেয়েই নতুন করে গৃহহীন হবার আশঙ্কায় দিন কাটছে কামারডাঙ্গা রেল বস্তির ১১ টি পরিবারের।

দীর্ঘ কয়েক দশক ধরে প্রায় ১০০ টি পরিবার বসবাস করছে দক্ষিণ পূর্ব রেলের আড়ুপাড়া লেভেল ক্রশিং’র পাশের জমিতে। কোন রকমে ছোট ছোট ঘর বানিয়ে বসবাস এই সকল পরিবারের। এদের পরিচয় কামারডাঙ্গা রেল বস্তির বাসিন্দা হিসাবে। দক্ষিণ পূর্ব রেলের লাইনের পাশে বহু গরীব মানুষ বসবাসের জন্য ঝুবড়ি ঘর বানিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছেন দীর্ঘ কয়েক দশক। কামারডাঙ্গা রেল বস্তিতে থাকা মানুষজনের মধ্যে পুরুষেরা কেউ ভ্যান চালায়, কেউ এলাকায় ছোট কারখানায় কাজ করেন আবার কেউ কেউ রাস্তার ধারে অস্থায়ী চায়ের দোকানঘর বানিয়ে কোন রকমে দিনগুজরাণ করেন। পরিবারের মহিলারা পরিচারিকার কাজ করেন। বস্তিবাসীরা জানান, রেল প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে গত মাসের ৩০ তারিখে উচ্ছেদের যে নোটিশ দেওয়া হয়েছে তাতে বস্তির জমিতে কবচ টাওয়ার বসানোর কথা বলা হয়েছে। বৃহস্পতিবার বস্তির ঘর ছেড়ে চলে যাবার কথা বলা হয়েছে নোটিশে। পরিবারের সদস্যদের নিয়ে কোথায় যাবেন, কিভাবে থাকবেন তা ভেবেই উঠতে পারছেন না বস্তিবাসীরা। কামারডাঙ্গা রেল বস্তির মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পাশের হাটপুকুর বস্তির মানুষেরা। বিকল্প পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা চলবে না এই দাবি করছেন বস্তির মানুষেরা। কামারডাঙ্গা রেল বস্তির মানুষজনের পাশে দাঁড়িয়ে বস্তি উচ্ছেদের বিরুদ্ধে লড়াই করার জন্য ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকের সাথে দেখা করে বিকল্প পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা চলবে না বলে জানিয়ে এসেছেন সংগঠনের কর্মীরা। বৃহস্পতিবার বস্তি উচ্ছেদ করতে এলে সকল বস্তিবাসী একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান কামারডাঙ্গা রেল বস্তির বাসিন্দারা।

Comments :0

Login to leave a comment