এবার নির্বাচনের আগে ‘হিন্দুত্বের’ জিগির তুলতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি— দু’পক্ষই মরিয়া। কে কত বড় হিন্দু— তা নিয়ে চলছে প্রতিযোগিতা। বৃহস্পতিবার রামের প্রতি ‘ভক্তি’ দেখানোর প্রতিযোগিতা চলল দিনভর। রামনবমীর মিছিল নিয়ে টেক্কা দেওয়ার পালা চলল তৃণমূল-বিজেপির। সাক্ষী সিউড়ি। বিজেপি’র প্রার্থী একদিকে নেতৃত্ব দিয়েছেন রামনবমীর মিছিলে। চুপ থাকেন নি তৃণমূল প্রার্থীও। ‘হিন্দুত্ব’ জাহিরের লক্ষ্যে দলবল নিয়ে তিনিও সংঘটিত করেছেন মিছিল। বিরাট কাটারি আর তীক্ষ্ণ তরবারি শরীরের তালে তালে উঠছিল, নামছিল। চিৎকার হয়ে উঠছিল রীতিমত হুংকার —‘জয় শ্রীরাম’। স্বাভাবিক জনপদে রামনবমীরদিন এমন মিছিল হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে।
রামনবমী প্রসঙ্গে এদিন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘বিভাজনের রাজনীতি বিজেপি-তৃণমূল করছে। তৃণমূল মোকাবিলা না করে যুক্ত হয়ে যায়। এখন প্রতিযোগিতায় নেমেছে ভোটের জন্য, ধর্মের জন্য নয়।’’ যাদবপুরও কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামনবমী পুজো প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘‘ওঁরা জানে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে যুক্তি আর মুক্ত বুদ্ধির চাষ করা হয়। সেটা হলে সব সাম্প্রদায়িক শক্তিরই সমস্যা হয়।’’
এদিন সকাল থেকে সিউড়ি শহর থেকে কড়িধ্যা গ্রাম রামনবমীর মিছিল কেন্দ্র করে এক উগ্রতার প্রকাশ পেয়েছে। এদিন সকালে কড়িধ্যায় হিন্দু জাগরন মঞ্চের উদ্যোগে হয়েছে রামনবমীর মিছিল। যার সামনে ছিলেন বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। মিছিলে ছিল তরোয়ালের পর পর তরোয়ালের ঝঙ্কার। মাঝে উঁচিয়ে উঠেছিল বন্দুকও। তরোয়াল হাতে ‘রামে’র নামে এক ধর্মীয় উন্মাদনা, ঔদ্ধত্যের প্রকাশই দেখা গেছে মিছিল। অস্ত্রের সম্ভারে ভরপুর মিছিলে সামিল বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘আজ রাজ্যজুড়ে ২ হাজারেরও অধিক শোভাযাত্রা সংঘটিত হয়েছে। মানুষ হয়েছে রামময়। বাংলায় জাগরিত হতে চলেছে রাষ্ট্রবাদী শক্তি।’’ মিছিলে অস্ত্রের উপস্থিতি অস্বিকার করেছেন তিনি। বলেছেন, ‘‘কোনো অস্ত্র ছিল না।’’ মিছিলে বন্দুক উঁচিয়ে ধরা যুবককে পুলিশ আটক করেছে। যদিও পুলিশের দাবি, বন্দুকটি নকল।
অপরদিকে এদিনই দু-বেলাই রামবনমীর মিছিল করেছেন তৃণমূল প্রার্থীও। গেরুয়া পাঞ্জাবী, মাথায় ফেটি সাঁটানো কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূলও রামনবমীর ‘আবেগ’কে ধরতে চেয়েছে নির্বাচনী লড়াইয়ে উতরানোর লক্ষ্যে। এককথায়, সিউড়ির মানুষ রামনবমী নিয়ে দুই দলের প্রতিযোগিতার সাক্ষী হয়েছেন এদিন। তৃণমূলের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘এদিন কড়িধ্যার তেঁতুলতলা থেকে ছোড়া গ্রাম পর্যন্ত তৃণমূল কংগ্রেস রামনবমীর মিছিল করেছে। এটাই তৃণমূলের আদি রামনবমীর মিছিল। এলাকার কর্মী সমর্থকরা তাতে জড়ো হয়েছিলেন।’’
Comments :0