Jan Akrosh Jatha CPI-M

রাজ্যে রাজ্যে জাঠা সিপিআই(এম)’র, বিহারে মহিলাকে বেঁধে খুনের প্রতিবাদে গণজমায়েত

জাতীয়

বিহারের মধুবনীতে সিপিআই(এম)’র বিক্ষোভ সভায় অশোক ধাওলে সহ নেতৃবৃন্দ।

দেশের বিভিন্ন প্রান্তে জনজীবনের দাবিতে গণজমায়েত করছে সিপিআই(এম)। 
পাশাপাশি, বিহারে এক মহিলাকে খুঁটির সঙ্গে বেঁধে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মধুবনী জেলার তিন জায়গায় হয়েছে বিক্ষোভ সমাবেশ।
আগামী ২৪ মার্চ দিল্লির রামলীলা ময়দানে সিপিআই(এম)’র ডাকে হবে ‘জন আক্রোশ‘ সমাবেশ। তার প্রস্তুতিতে উত্তর ভারতের রাজ্যে রাজ্যে চলছে জাঠা। উত্তরাখণ্ডের থারালিতে, সমুদ্রপৃষ্ঠের চেয়ে সাড়ে ৭ হাজার ফুট ওপরের এলাকায়, চলেছে প্রচার। 
এ রাজ্যে দেরাদুন থেকে মূল জাঠা রওনা হয় গত ৮ মার্চ। জাঠায় রয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বিজু কৃষ্ণন সহ নেতৃবৃন্দ। কৃষক এবং শ্রমিকের জীবনজীবিকার দাবির পাশাপাশি আশা, মিড ডে মিল বা অঙ্গনওয়াড়ির মতো প্রকল্প কর্মীরা অংশ নিচ্ছেন বড় সংখ্যায়। 
পাঞ্জাবের তরন তারনের সুর সিং গ্রাম থেকে বের হয়েছে আরেকটি জাঠা। অংশ নিয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু। 
বিহারের মধুবনী জেলায় তিনটি গ্রামে হয়েছে সমাবেশ। ২৬ মার্চ রামলীলা ময়দানে সমাবেশের ডাক ব্যাখ্যা করেছেন পলিট ব্যুরো সদস্য অশোক ধাওলে। জেলা সম্পাদক মনোজ যাদব এবং রাজ্য সম্পাদক লালন চৌধুরীও বক্তব্য রেখেছেন। চার শ্রম কোড বাতিলের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার কাছে দেশের কৃষিক্ষেত্রকে খুলে দেওয়ার মতলব ব্যাখ্যা করেন তাঁরা। 
বিহারে সিপিআই(এম) রোশন খাতুন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে গণআন্দোলন গড়ে তুলছে। রামলীলা ময়দানে সমাবেশের প্রচারের সঙ্গে সমানতালে দোষীদের শাস্তির দাবি তোলা হচ্ছে জমায়েতে। 
জমি সংক্রান্ত সম্যায় বিচার চাইতে গিয়েছিলেন বছর চল্লিশের রোশন খাতুন। অভিযোগ, তাঁকে হত্যা করেছে মধুবনীর আমহি গ্রামের মুখিয়া এবং তার পরিবার। এই মহিলাকে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। জল চাইলে প্রস্রাব এবং মদ মিশিয়ে দেওয়া হয়। রোজা পালন করার সময়েই তাঁর ওপর হয় এমন অত্যাচার। পরের দিন হাসপাতালে মারা যান তিনি। 
আগামী ১৩ মার্চ রোশন খাতুনের পরিবারকে নিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করবে সিপিআই(এম)। রাজ্যের সরকারে আসীন জনতা দল(ইউ)-বিজেপি জোট সরকার। বিজেপি-আরএসএস-বিশ্ব হিন্দু পরিষদের দাপট রাজ্যে বাড়ার সঙ্গে সঙ্গে মহিলা, সংখ্যালঘু, তফশিলি জাতির ওপর আক্রমণের ঘটনা বাড়ছে, বলেছে সিপিআই(এম)।

Comments :0

Login to leave a comment