Sandeshkhali

সন্দেশখালি কান্ডে শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রী গ্রেপ্তার

জেলা

সন্দেশখালি কান্ডে বহু চর্চিত সেই তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সন্দেশখালি ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম সবিতা রায়কে গ্রেপ্তার করলো ন্যাজাট থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কোনও এক গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সূত্রের খবর। শুধু তিনি একা নন। একই সঙ্গে শেখ শাহজাহান, শিবু হাজরা ও উত্তম সর্দারদের ঘনিষ্ঠ বৃত্তে থাকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠু সর্দার সহ হাফিজুল শেখ ও মাজিরানা বিবি শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে।

২০২৪ সালের ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কান্ডে সন্দেশখালির ন্যাজাট থানার অধীন সরবেড়িয়ার আকুঞ্জী পাড়ায় তৎকালীন সন্দেশখালির ত্রাস তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারীকরা গেলে তাদের উপর এবং সংবাদমাধ্যমের উপর বেপরোয়া হামলা চালায় শেখ শাহজাহানের অনুগামী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করার জন্য বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালি থানা ও ন্যাজাট থানা যৌথ অভিযান চালায়। চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে হাফিজুল খানকে গত বৃহস্পতিবার সারবেরিয়া নতুন বাজার থেকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের পর গত শুক্রবার সন্দেশখালি থেকে গ্রেপ্তার করা হয় মাজিরানা বিবি শেখকে। পরবর্তীতে মঙ্গলবার সাবিতা রায় ও মিঠু সর্দারকে গ্রেফতার করা হয়। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে বলে এদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সন্দেশখালির প্রাক্তন বিধায়ক সিপিআই(এম) নেতা নিরাপদ সর্দার এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, “সবিতা রায় ও মিঠু সর্দার এরা দুজনেই ৫ জানুয়ারি ২০২৪, ইডির উপর হামলা করার জন্য লোকজন জড়ো করেছিল। শাজাহানের ঘনিষ্ঠ কর্মীরা। শাজাহানের সমস্ত কু কর্মের ডান হাত। ইটভাঁটা, ফিসারী, জমি লুঠ,চোরা কারবার, এই সব ঘটনার স্বাক্ষী এরা। শাজাহান জেলে যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে এরাই সাম্রাজ্য সামলাতো। এলাকার যাবতীয় খবরাখবর ফোনালাপের মাধ্যমে শাজাহানকে জানানো হয়। এরা দুজন এলাকা ও এলাকার বাইরে বিষয় সম্পত্তির বিস্তার করেছে। আরও কয়েকজন বাইরে পলাতক। তাদের গ্রেপ্তার করা দরকার।”

Comments :0

Login to leave a comment