SIR Protest

এসআইআর বিক্ষোভ চলছেই, ‘অটো জেনারেটেড’ ফর্মে বাদ ৮৭,১২৭

জাতীয়

দেশের বিভিন্ন প্রান্তেই চলছে এসআইআর বিরোধী বিক্ষোভ। মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির জোর বাড়ছে প্রতিদিন। শনিবার, ২৪ অক্টোবর, তেলেঙ্গানার হায়দরাবাদে বিভিন্ন নাগরিক মঞ্চের ডাকে মিছিল হয়েছে। অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর এই কর্মসূচিতে যোগ দিয়ে বলেছেন, ‘‘এখনই প্রকৃত ভোটারদের নাম ফেরানো উচিত ভোটার তালিকায়। নির্বাচন কমিশনার বাছাই করার যে আইন ২০২৩ সালে পাশ হয়েছিল, তাকেও বদলাতে হবে। বাছাই কমিটিতে প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতার পাশাপাশি রাখতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও।
উল্লেখ্য, বাছাই কমিটির এই বিন্যাসের পক্ষে মত দিয়েছিল সুপ্রিম কোর্টও। নরেন্দ্র মোদী সরকার পছন্দের নির্বাচন কমিশনার নিয়োগ নিশ্চিত করতে প্রধান বিচারপতির বদলে মন্ত্রিসভার এক সদস্যকে বাছাই কমিটিতে রাখার আইন করে। ফলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয় সরকারপক্ষেরই। 
কমিশনের কাজে অস্বচ্ছতা এবং কোনও নিয়ম না মেনে নাম বাদ দেওয়ার কৌশল বেরিয়ে পড়ছে দেশের বিভিন্ন রাজ্যেই।
সামনেই নির্বাচন উত্তর প্রদেশে। সেখানেই এসআইআর প্রক্রিয়ায় ৮৭,১২৭ নাম বাদ দেওয়া নিয়ে বিতর্ক তীব্র। বস্তুত রাজ্যে নির্বাচন কমিশনের সিইও স্বীকার করেছেন যে কোনও কারণ না দেখিয়ে কমিশনের নিজের তৈরি বা ‘অটো জেনারেটেড’ ফর্ম-৭ ব্যবহার করে এত নাম বাদ দিয়েছে। 
‘দ্য রিপোর্টার্স কালেক্টিভ’-র  একটি প্রতিবেদনে জনানো হয়েছে যে উত্তর প্রদেশে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর চলাকালীন নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচনী আধিকারিকদের কোনও কারণ না জানিয়েই ৮৭,১২৭ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার নথিতে স্বাক্ষর করতে বাধ্য করেছিল।
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানেও বিহার বা পশ্চিমবঙ্গের মতো, নির্বাচনের খুব কাছাকাছি এসআইআর চলছে।
এ রাজ্যে দেখা গিয়েছে ১৬.১৮ লক্ষ ভোটারকে নতুন করে যুক্ত করা হয়েছে। কিন্তু এরা কারা সেই তথ্য উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক ভোটার তালিকায় যুক্ত হওয়া ১৬.১৮ লক্ষ ভোটারের তথ্য জনসমক্ষে আনেননি। 
রাজ্যে বিরোধী কংগ্রেস এবং সমাজবাদী পার্টি এই অস্বচ্ছতায় তীব্র আপত্তি জানিয়েছে। বিরোধীরা বলছেন, ভোটারদের নাম মুছে ফেলার কারণ যেমন স্পষ্টভাবে জানাতে হবে তেমনই নতুন সংযোজনের তথ্য দেওয়া আইন অনুযায়ী বাধ্যতামূলক।
এদিকে মহারাষ্ট্রে কংগ্রেস জানিয়েছে বাদ পড়া নাম ফিরিয়ে আনার প্রচারে বাড়ি বাড়ি যাওয়া হবে। সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে। নাম ডিসেম্বর মাসের মধ্যে ভোটার তালিকায় ফেরাতে হবে কমিশনকে

Comments :0

Login to leave a comment