Child Died in Greater NOIDA

জলে ভরা গর্তে পড়ে মৃত্যু শিশুর, তীব্র ক্ষোভ গ্রেটার নয়ডায়

জাতীয়

বাড়ির সামনে খোলা গর্তে পড়ে ফের মৃত্যু উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায়। এবার প্রাণ গিয়েছে ছয় বছরের এক শিশুর। পনের ফুট গভীর জলে ভরা গর্তে পড়ে মৃত শিশুর বাড়ি গ্রেটার নয়ডার নলেজ পার্ক এলাকার কালাধাম সোসাইটিতে।   
চয় মাস আগে এই গ্রেটার নয়ডাতেই বাড়ি ফেরার সময় জলে ভরা গর্তে পড়ে মৃত্যু হয়েছিল তথ্য প্রযুক্তি কর্মী যুবরাজ মেহতার। 
একের পর এক ঘটনায় গ্রেটার নয়ডায় পৌর প্রশাসনের কাজের হাল নিয়ে বড় মাপের প্রশ্ন উঠেছে। 
স্থানীয়েরা সংবাদমাধ্যমে জানিয়েছেন যে শিশুটি বন্ধুদের সঙ্গে খেলা করছিল। শনিবার আচমকায় জলে ভরা গর্তে পড়ে যায়। গর্ত গভীর হলেও ঢাকা ছিল না। কয়েকদিন আগে গ্রেটার নয়ডা অথরিটি গর্ত খুঁড়েছিল। কিন্তু গর্ত বোজানো হয়নি। গত কয়েকদিনের বৃষ্টিতে জলে ভরে ছিল গর্ত।
শিশুটির বন্ধুরাই চেঁচামেচি করে বড়দের ডাকে। শিশুকে তোলেন বাসিন্দারাই। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।   
স্থানীয়েরা এখন আতঙ্কিত শিশুদের নিয়ে। কোথায় কোন গর্ত না বুজিয়ে ফেলে রাখা হয়েছে। ক্ষোভও বাড়ছে বাসিন্দাদের। গ্রেটার নয়ডা অথরিটির কাজে ক্ষোভ জানিয়েছে বড় অংশ। স্থানীয়েরা বলছেন, বারবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয় না। পৌর পরিষেবার জন্য খোঁড়াখুড়ি করে ফেলে রাখা হয়। এমনকি গর্ত বোজানো না হলে ঘিরে রাখারও কোনও ব্যবস্থা নেই। ঠিকাদাররাও বেপরোয়া।

Comments :0

Login to leave a comment