Sharjeel Imam interim bail

শারজিল ইমামের ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর আদালতের

জাতীয়

দিল্লির আদালতের তরফে মঙ্গলবার শারজিল ইমামের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে। তাঁর দুই বোনের বিয়েতে যাতে তিনি অংশগ্রহণ করতে পারেন, সে কারণেই তাকে ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। 
এই বছর মার্চ মাসে, তাঁর ভাইয়ের বিয়ের সময়ও তাঁকে ১০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। 
দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় শারজিল ইমাম এবং উমর খালিদের বিরুদ্ধে কড়া আইনে অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশ। দু’জনেই পাঁচ বছর ধরে জেলে বন্দি। কিন্তু শুরু হয়নি মামলার বিচভার প্রক্রিয়াই। 
শারজিল ইমামের আইনজীবি আহমদ ইব্রাহিম বলেন, শারজিল যাতে তাঁর দুই বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারেন তাই তাঁকে ৭ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানগুলির একটি দিল্লি এবং অপরটি বিহারে আয়োজন করা হয়েছে। ৯ অক্টোবর জাহানাবাদ, তাঁর জন্মস্থানেই রিসেপশনের আয়োজন করা হয়েছে। 
ইব্রাহিম আরও জানান যে,  তিনি সুনির্দিষ্ট আদেশটি এখনও দেখেননি, তবে সাধারণ শর্তাবলীই আরোপ করা হবে বলে আশা করছেন। 
উল্লেখ্য, ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গায় ‘বৃহত্তর ষড়যন্ত্র’ মামলায় ইউএপিএ আইনের অধীনে ইমাম জেল হেফাজতে রয়েছেন। উমর খালিদের আবেদনের পাশাপাশি তাঁর জামিনের আবেদনটির ও ৩০ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। যদিও, দিল্লি পুলিশ ও সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করেছেন। 
এর আগে, ৪ জুলাই বিচার আদালতে জামিনের আবেদন খারিজ করে দেওয়া হলে শারজিল ইমাম হাইকোর্টের দ্বারস্থ হন। বিচার আদালত সুপ্রিম কোর্টের একটি পূর্ববর্তী আদেশের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছিল। ওই আদেশে অন্য পাঁচজন অভিযুক্তকে জামিন দেওয়া হলেও ইমাম ও খালিদকে জামিন দেওয়া হয়নি।
সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছিল যে, সুরক্ষিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পর অথবা সেই আদেশের এক বছর পূর্ণ হওয়ার পর ইমাম তাঁর জামিনের আবেদন পুনর্বিবেচনার জন্য পেশ করতে পারবেন।

Comments :0

Login to leave a comment