আগের দিন ঝাঁপিয়ে পড়েছিল সংঘ পরিবারের অনুগত ছাত্র সংগঠন। বৃহস্পতিবার জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়লো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পুলিশ।
দিল্লি পুলিশের বেপরোয়া লাঠি চালনায় আহত হয়েছেন দিল্লির এই জেএনইউ’র বহু ছাত্র-ছাত্রী। সামাজিক সমতার দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অনেককে আটক করে রাখা হয়েছে কাপ সেরা ও সাগরপুর থানায়।
ক্যাম্পাসে সামাজিক সমতার পক্ষে রোহিত আইনকে অনুসরণ করে ইউজিসির সমতা বিধি চালু করার দাবি জানিয়েছেন ছাত্র-ছাত্রীরা। দাবি তুলেছেন জেএনইউ’র উপাচার্য শান্তিশ্রী ধুলিপুড়ি পন্ডিতকে পদত্যাগ করতে হবে। কারণ তিনি কৃষ্ণাঙ্গ এবং দলিতদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন।
কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার আসীন হওয়ার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তপশিলি জাতি, আদিবাসী এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের সামাজিক ন্যায়ের দাবি বারবার বিপন্ন হয়েছে। সামাজিক শোষণের শিকার বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব কমে যাওয়ার চিত্র উঠে এসেছে।
গত বাইশে ফেব্রুয়ারি জেএনইউ-তে সমতা যাত্রা করেছিল ছাত্র সংসদ। এবিভিপির তীব্র আক্রমণের মুখে ও এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ পরিচালনা করে একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। সেদিনও মারাত্মক হামলা হয়েছিল মিছিলের ওপর। কিন্তু কর্তৃপক্ষ ছাত্র সংসদের পদাধিকারীদেরই শাস্তির মুখে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল।
এদিন বিশ্ববিদ্যালয়ের সবরমতী ক্যাম্পাস থেকে বের হয় মিছিল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অভিমুখে মিছিলের যাওয়ার কথা ছিল। ছাত্র সংসদের ডাকে বিভিন্ন অংশের ছাত্রছাত্রীরা জড়ো হয়েছিলেন। এসএফআই, এআইএসএ, ডিএসএফ, এন এস ইউ আই, এআইএসএফ সহ বিভিন্ন সংগঠনের পমর্থকরা যোগ দেন মিছিলে।
উল্টোদিকে দিল্লি পুলিশ ক্যাম্পাস প্রায় ঘিরে রেখেছিল। ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করেছিল ছাত্রদের। ছাত্ররা ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই ঝাঁপিয়ে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পুলিশ। চলতে থাকে লাঠি। বিশাল পুলিশবাহিনী টেনে হিঁচড়ে ছাত্র-ছাত্রীদের তুলে নিয়ে যায়। পুলিশি নিপীড়ন সত্বেও প্রতিবাদ জারি আছে ক্যাম্পাসে।
jnu
জেএনইউ’র ছাত্র মিছিলে বেপরোয়া লাঠি দিল্লি পুলিশের, আহত বহু
×
Comments :0