Election Commission of India

বিকেলে সাংবাদিক বৈঠক কমিশনের, আজই ভোট ঘোষণা!

জাতীয়

পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আজই ঘোষণা করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। রবিবার বিকেল চারটায় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানেই ভোটের পূর্ণাঙ্গ সূচি জানানো হবে এমনটাই আশা করা হচ্ছে। বৈঠকে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ।
চূড়ান্ত ভোটার তালিকায় ঠাঁই পাওয়া ৬ কোটি ৪৪ লক্ষ ভোটারকে সামনে রেখেই রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন!
গত মঙ্গলবার নিউটাউনের সাংবাদিকদের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দেন, ‘‘গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় ৭ কোটি ৪ লক্ষ ভোটারের নাম আছে। যার মধ্য থেকে বিচারাধীন ভোটারদের সরিয়ে নিলে ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৮ জন চূড়ান্ত তালিকায় ভোটার হিসাবে থাকছেন।’’
রাজ্যের বিচারাধীন অবস্থায় পড়ে থাকা ৬০ লক্ষ ভোটারের জন্য নির্বাচনের দিন ঘোষণায় কমিশন আর সময় নষ্ট করতে চাইছে না। বিচারাধীন ভোটারদের বাদ দিয়ে চূড়ান্ত তালিকায় থাকা ৬ কোটি ৪৪ লক্ষ ভোটারদের নিয়েই আগামী বিধানসভা ভোট করতে চলেছে কমিশন। যদিও নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে রাজনৈতিক দলগুলির বৈঠকে সিপি‌আই(এম)’র দাবি ছিল, ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের নাম তালিকায় তোলার পরেই ভোট হবে। এছাড়া যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁদের ‌আবার তালিকায় নাম তোলার সুযোগ দিতে হবে। সিপিআই(এম) রাজ্যে বিধানসভা নির্বাচন এক দফায় করার দাবি জানিয়েছে। পার্টির প্রতিনিধিরা বলেছেন, একান্ত যদি তা সম্ভব না হয়, তাহলে দু’দফায় ভোট গ্রহণ হোক। সিপিআই(এম)’র এই দাবির পক্ষে তৃণমূল ছাড়া বাকি সবক’টি রাজনৈতিক দলই সহমত পোষণ করেছে। 
গত ৮ মার্চ পশ্চিমবঙ্গে এসে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক সেরে ১০ মার্চ দিল্লি ফিরে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ। সাধারণভাবে কমিশনের ফুল বেঞ্চের রাজ্য সফরের পরই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে থাকে কমিশন। রবিবার সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। 


সম্ভবত আজকেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। নির্বাচনের আইন অনুযায়ী, বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে কমপক্ষে ৩২ দিনের ফারাকে নির্বাচন করার কথা। আবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে অতিরিক্ত তালিকা প্রকাশ করার বিচারাধীন ভোটারদের তালিকাভুক্ত করার সুযোগ আছে। তবে গুরুতর প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, বাকি পড়ে থাকা লক্ষ লক্ষ বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তির বিষয়টি নিয়ে।
পশ্চিমবঙ্গে সর্বশেষ বিধানসভা নির্বাচন আটটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচন কমিশন ২০২১ সালের ২ মার্চ বিজ্ঞপ্তি জারি করে। এরপর, প্রথম ধাপে ২৭ মার্চ, দ্বিতীয় ধাপে ১ এপ্রিল, তৃতীয় ধাপে ৬ এপ্রিল, চতুর্থ ধাপে ১০ এপ্রিল, পঞ্চম ধাপে ১৭ এপ্রিল, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল, সপ্তম ধাপে ২৬ এপ্রিল এবং অষ্টম ধাপে ২৯ এপ্রিল ভোটগ্রহণ হয়। বিধানসভা নির্বাচনের ফলাফল ২ মে ঘোষণা করা হয়। ৭ মে বাংলা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে।

Comments :0

Login to leave a comment