GST July growth based on Import

জুলাইয়ে জিএসটি-তে বৃদ্ধি সেই আমদানির ভরসায়

জাতীয়

বেড়েছে মোট এবং নিট জিএসটি বাবদ আয়। কিন্তু বৃদ্ধির হারে প্রধান ভরসা হয়ে রয়েছে আমদানি থেকে আদায় করা পণ্য ও পরিষেবা কর (জিএসটি)।
জুলাইয়ে জিএসটি’র তথ্য জানাচ্ছে, সদ্য শেষ জুলাইয়ে মোট জিএসটি বেড়েছে গত বছরের তুলনায় ১৫.৪ শতাংশ হারে। অতিরিক্ত আদায় ফেরানোর পর নিট জিএসটি বেড়েছে ১৫.৮ শতাংশ হারে। 
জুলাইয়ে মোট জিএসটি আদায় ২.১১ লক্ষ কোটি টাকা। এক বছর আগে এই অঙ্ক ছিল ১.৮৩ লক্ষ কোটি টাকা। নিট জিএসটি গত বছরের জুলাইয়ের তুলনায় ১.৫৭ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১.৮১ লক্ষ কোটি টাকা। 
কিন্তু, দেশের ভেতরে উৎপাদিত পণ্য ও পরিষেবা থেকে আদায়ের তুলনায় বিদেশ থেকে আমদানির ওপর জিএসটি বাবদ আদায় বৃদ্ধির হার বেশি। 
দেশের ভেতর উৎপন্ন পণ্য ও পরিষেবায় মোট জিএসটি ১.৪৫ লক্ষ কোটি টাকা। বৃদ্ধির হার ১০.১ শতাংশ। বিদেশ থেকে আমদানির ওপর মোট জিএসটি আদায় ৬৬ হাজার ৫১১ কোটি টাকা। গত বছরের জুলাইয়ের তুলনায় বৃদ্ধির হার ২৮. ৮ শতাংশ। 
দেশের ভেতরে থেকে আদায় নিট জিএসটি ১০.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.২৭ লক্ষ কোটি টাকায়। 
বিদেশ থেকে আমদানিতে নিট জিএসটি ৩০.৩ শতাংশ বেড়ে হয়েছে ৫৪ হাজার ২২৩ কোটি টাকা।  
জিএসটি আদতে পরোক্ষ কর। সংশ্লিষ্ট উৎপাদক করের ভার চাপিয়ে দেয় ক্রেতা সাধারণের ওপরই। পরোক্ষ করে বৃদ্ধি বাবদ সরকারের আয়ের ভার পড়ে মুখ্যত আমজনতার ওপরেই।  
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, জিএসটি আদায়ে ভরসার বড় ক্ষেত্র হয়ে রয়েছে আমদানি। আত্মনির্ভর ভারত বা উৎপাদন সংযুক্ত উৎসাহ নীতি বা পিএলআই চালু হয়েছে দেশে। কিন্তু দেশের কারখানা উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধিতে সমস্যা রয়েছে।

Comments :0

Login to leave a comment