Bardhaman

নির্মাণের ৩ মাসেই ভেঙে পড়ল জাতীয় সড়কের গার্ডওয়াল

জেলা

মেমারিতে ১৯ জাতীয় নম্বর সড়কে ধস। ধসের জেরে জাতীয় সড়কের ওপর থাকা ব্রিজের গার্ড ওয়ালের একটি অংশ ভেঙে পড়ে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহুর্তেই থমকে যায় জাতীয় সড়কে যানবাহন চলাচল। স্থানীয় সুত্রে খবর, বুধবার সকাল প্রায় ১০ টা নাগাদ মেমারি থানার অন্তর্গত সরডাঙ্গা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রাই প্রথমে ব্রিজের গার্ড ওয়ালের একটি অংশ ভেঙে পড়তে দেখেন। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষজন। 
দুর্ঘটনার সময় ওই রাস্তা দিয়ে বেশ কিছু গাড়ি যাতায়াত করছিল। সেই সময় সরডাঙ্গা মোড়ে থাকা দুই কর্তব্যরত ট্রাফিক হোমগার্ড জাতীয় সড়কের বর্ধমান মুখি লেন বন্ধ করে দেন। এর পর খবর পেয়ে ঘটনা স্থলে আসেন ডিএসপি ট্রাফিক আশিস মন্ডল, মেমারি থানার ওসি প্রিতম বিশ্বাস সহ জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের আধিকারিকরা। তবে বড় কোনো দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেনি। নিরাপত্তার স্বার্থে ওই রাস্তা টি বন্ধ রেখে সার্ভিস রোড দিয়ে জাতীয় সড়কে যান চলাচল আংশিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।
চালু হওয়ার ৩ মাসের মধ্যেই কী কারণে ব্রিজের গার্ড ওয়ালের অংশ ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগের ব্রীজের গার্ড ওয়ালে নির্মাণ কাজে, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যাবহার করা হয়েছে, যার গুনগত মান অত্যন্ত নিম্নমানের, তার ফলেই এই বিপত্তি। অভিযোগের আঙুল উঠেছে জাতীয় সড়কের নির্মাণ কাজের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে। ইতিমধ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছেন। তবে ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি দ্রুত বড় মাপের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও আশঙ্কা থেকেই যাচ্ছে। সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Comments :0

Login to leave a comment