নতুনপাতা
পার্বণ ১৪৩৩
বই
রীতার স্মৃতিকথায় উন্নত পৃথিবী গড়ার পাঠ : প্রদোষকুমার বাগচী
১৭ নভেম্বর ২০২৬ — ৪র্থ বর্ষ
আগস্ট, ১৯৭৫। জরুরি অবস্থার তখন বড়োজোর দু’মাস হয়েছে। উত্তর দিল্লির কমলা নগরের ছোট্ট একটি ঘরে মিলিত হলেন কয়েকজন কমিউনিস্ট। একটি নিভু নিভু তেলের প্রদীপকে ঘিরে তাঁরা বসলেন মেঝেতে। তাঁদের মধ্যে তেরোজন পুরুষ। সকলে বিড়লা কটন টেক্সটাইল মিলের মজুর। আর একজন নারী। সদ্য লন্ডনের বিমান সংস্থার চাকরি ছেড়ে এসেছেন তিনি। সঙ্গে ড্রামা স্কুলের স্বপ্নকেও। শুধুমাত্র ভারতে ফিরে কমিউনিস্ট পার্টিতে যোগ দেবেন বলে। গ্রেপ্তার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় তাকে নতুন নাম নিতে বলা হয়েছে। এভাবেই বৃন্দা পরিণত হলেন রীতায়— যে নামটি তিনি প্রায় এক দশক বহন করেছেন।
অ্যান এডুকেশন ফর রীতা— আমাদেরকে এমন এক দিল্লিতে পৌঁছে দেয় যাকে অধিকাংশ মানুষই চেনেন না। এই বই চিনিয়ে দেয় আকর্ষণীয় এমন কিছু মানুষকে এবং সঙ্গে তোলপাড় করে দেওয়া কিছু ঘটনাকে। কাপড় কলের মজুরদের ধর্মঘট থেকে জরুরি অবস্থার সময়পর্বে গরিবদের উচ্ছেদ, আটের দশকের গোড়ার দিকের পণপ্রথা বিরোধী লড়াই থেকে ১৯৮৪-র বীভৎস শিখবিরোধী হিংসা— সবই উঠে আসে এই স্মৃতিলেখনীতে।
অনমনীয় জেদ, অদম্য সাহস ও অসীম ধৈর্য এবং এক চমকপ্রদ রূপান্তরের উপাখ্যান এই বই। এ ছাড়াও এই লেখা জীবনজুড়ে থাকা বন্ধনেরও কথা বলে— যা শ্রেণি আর পারিবারিক পরিচয়ের গণ্ডি ছাপিয়ে যায়। একইসঙ্গে সহযোদ্ধাদের গল্প। সর্বোপরি, এই উপাখ্যান অবস্থাসম্পন্ন ঘরের এক নারীর গল্প— যে নগরবাসী শ্রমিকদের কঠিন ও কঠোর জীবনের বাস্তবতাকে আবিষ্কার করে। পরিচিত হয়ে ওঠে দিল্লির শিল্পাঞ্চল ও বস্তিগুলোর সাথে। পাঠ নেয় এক উন্নত পৃথিবী গড়ার লড়াইয়ের। লেখক এখন ভারতের উল্লেখযোগ্য কমিউনিস্ট নেতাদের একজন। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠাতাদের তিনি অন্যতম। রাজ্যসভার প্রাক্তন সদস্য বৃন্দা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিটব্যুরোরও সদস্য।
অ্যান এডুকেশন ফর রীতা : এ মেমোয়ার ১৯৭৫-৮৫
বৃন্দা কারাত। লেফটওয়ার্ড বুকস। ৩৫০ টাকা।
Comments :0