Yusuf Tarigami

অমরনাথ যাত্রার রাস্তা তৈরিতে শেষনাগ হ্রদের কাছে ভারী যন্ত্রের ব্যবহার, বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ তারিগামির

জাতীয়

কাশ্মীরের অমরনাথ যাত্রাপথে শেষনাগ হ্রদের কাছে রাস্তা তৈরির কাজে জেসিবি-র মতো ভারী যন্ত্র ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন সিপিআই(এম) নেতা তথা কুলগামের বিধায়ক ইউসুফ তারিগামি। হিমালয়ের অন্যতম সংবেদনশীল হিমবাহজাত হ্রদ শেষনাগের আশপাশে খনন ও মাটি সমতল করার যে ছবি সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি। তার আশঙ্কা, এই ধরনের অপরিকল্পিত নির্মাণকাজ ভবিষ্যতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।
তারিগামি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের চিহ্নিত ১৪টি উচ্চঝুঁকিপূর্ণ হিমবাহজাত হ্রদের মধ্যে অন্যতম শেষনাগ। হ্রদটি চারপাশে আলগা হিমবাহজাত পাথর ও মাটি (মোরেন) এবং খাড়া পাহাড়ি ঢালে ঘেরা। ফলে এই এলাকায় ভারী যন্ত্র দিয়ে মাটি কাটা বা ভূপ্রকৃতির পরিবর্তন অত্যন্ত বিপজ্জনক। তার বক্তব্য, এমন ভঙ্গুর পাহাড়ি পরিবেশে ভারী যন্ত্রের ব্যবহার কার্যত বিপর্যয়কে আমন্ত্রণ জানানোর শামিল।
তবে উন্নয়নের বিরোধিতা করছেন না বলেও স্পষ্ট করেছেন সিপিআই(এম) বিধায়ক। তার মতে, অমরনাথ যাত্রার দর্শনার্থী, পর্যটক এবং স্থানীয় মানুষের জন্য উন্নত রাস্তা ও প্রয়োজনীয় পরিকাঠামো অবশ্যই দরকার। কিন্তু উচ্চ হিমালয় অঞ্চলে উন্নয়নের কাজ হতে হবে পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী। তার জন্য প্রয়োজন বৈজ্ঞানিক সমীক্ষা, যথাযথ পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং পরিবেশ ও হিমবাহ বিশেষজ্ঞদের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা।
২০১৩ সালে কেদারনাথের ভয়াবহ বিপর্যয়, ২০২৩ সালে সিকিমের দক্ষিণ লোনাক হ্রদে বিপর্যয় এবং সম্প্রতি নেপালে হিমবাহ-সংক্রান্ত প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ তুলে ধরে তারিগামি সতর্ক করেছেন, পাহাড়ি পরিবেশে মানুষের অপরিকল্পিত হস্তক্ষেপের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।
তার আশঙ্কা, শেষনাগ হ্রদের আশপাশের পরিবেশের ভারসাম্য নষ্ট হলে তার প্রভাব শুধু ওই এলাকায় সীমাবদ্ধ থাকবে না। বিপদের মুখে পড়তে পারে নীচের দিকে বসবাসকারী মানুষজন। বিশেষ করে পহেলগাঁও, লিডার নদী সংলগ্ন এলাকা এবং দক্ষিণ কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে অবিলম্বে শেষনাগ হ্রদ ও তার পার্শ্ববর্তী এলাকার পরিবেশের পক্ষে বিপজ্জনক সমস্ত নির্মাণকাজ বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, প্রকল্পের সম্পূর্ণ বিবরণ, কোন সংস্থা এই কাজ করছে এবং কী কী পরিবেশগত ছাড়পত্র নেওয়া হয়েছে, তা জনসমক্ষে প্রকাশ করার দাবি তুলেছেন।
এছাড়াও দ্রুত হিমবাহ বিশেষজ্ঞ ও পরিবেশবিদদের একটি দলকে ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি পর্যালোচনার দাবি জানিয়েছেন তারিগামি। তার স্পষ্ট বক্তব্য, উন্নয়নের প্রয়োজন রয়েছে, কিন্তু তার মূল্য কোনওভাবেই হতে পারে না পরিবেশের ধ্বংস কিংবা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়।

Comments :0

Login to leave a comment