ভালোবাসার কোনও ভাষা হয় না। মানুষের সঙ্গে অবলা প্রাণীর সম্পর্ক যে কতটা গভীর হতে পারে, ফের তারই এক আবেগঘন ছবি সামনে এল মধ্যপ্রদেশের সেহোর জেলা থেকে। প্রতিদিন যে মানুষটি তাকে খাবার দিতেন, সেই প্রিয় মানুষটির মৃত্যুর খবর যেন মেনে নিতে পারেনি পথকুকুর কালু। মালিকের শেষযাত্রায় শামিল হয়ে শ্মশান পর্যন্ত অনুসরণ করল সে। শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করল বন্ধুর পাশে।
৭৫ বছর বয়সি মোহনলাল রাইকওয়ার ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী। গত সপ্তাহে তার মৃত্যু হয়। পাড়ার পথকুকুর কালুকে নিয়মিত খাবার খাওয়াতেন তিনি। দিনের পর দিন এই সামান্য যত্ন থেকেই দু’জনের মধ্যে তৈরি হয়েছিল গভীর বন্ধুত্ব। মোহনলালের সঙ্গে কালুর সম্পর্ক হয়ে উঠেছিল পরিবারের সদস্যের মতোই।
কিন্তু সেই মানুষটির মৃত্যুর পরেও কালু তাকে ছেড়ে যেতে রাজি হয়নি। মোহনলালের শেষযাত্রা শুরু হলে নীরবে শবযাত্রার পিছনে হাঁটতে শুরু করে সে। শ্মশান পর্যন্ত পৌঁছে শেষকৃত্য সম্পন্ন হওয়া অবধি সেখানেই অপেক্ষা করে কালু। কোনও হইচই নয়, কোনও অস্থিরতা নয়। নীরবে প্রিয় মানুষটির পাশে দাঁড়িয়ে থাকে সে।
এরপর মোহনলালের স্মরণে শোকসভা ও দুই মিনিট নীরবতা পালনের আয়োজন করা হয়। সেখানেও হাজির হয় কালু। শোকপ্রকাশে উপস্থিত মানুষের সামনে গিয়ে চুপচাপ বসে পড়ে সে। যেন নিজের মতো করেই শেষ শ্রদ্ধা জানায় তার প্রিয় বন্ধুকে।
শেষকৃত্যের পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা যখন মোহনলালের বাড়িতে ফিরে আসেন, তখনও তাদের সঙ্গ ছাড়েনি কালু। বেশ কিছুক্ষণ বাড়িতে কাটানোর পর নীরবে সেখান থেকে চলে যায় সে।
কালুর এই আচরণে আবেগাপ্লুত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সমাজমাধ্যমের অসংখ্য মানুষ। মানুষের সঙ্গে প্রাণীর সম্পর্ক যে নিছক খাবার দেওয়া বা আশ্রয় দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা গভীর ভালোবাসা ও বিশ্বাসের বন্ধন হয়ে উঠতে পারে, ফের সামনে এল সেই ছবি।
তবে মধ্যপ্রদেশে এমন ঘটনা এই প্রথম নয়। চলতি বছরের জুলাই মাসেও বেতুল জেলায় ঘটেছিল একই রকম এক মর্মান্তিক ঘটনা। ৬৭ বছরের প্রদীপ জৈন ভোপালের এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার দেহ বেতুলের বাড়িতে নিয়ে আসার পর থেকেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে ১৫ বছরের পোষ্য কুকুর ডুগ্গু।
পরিবারের সদস্যদের কথায়, প্রদীপের দেহ বাড়িতে পৌঁছনোর পর থেকেই ভেঙে পড়েছিল ডুগ্গু। শেষবারের মতো প্রিয় মালিকের পাশে বসার সুযোগ করে দেন পরিবারের লোকেরা। কয়েক মিনিট চুপচাপ মালিকের পাশে বসে থাকার পর ঘরের ভিতরে ফিরে যায় সে।
এরপর প্রদীপের শেষযাত্রা শুরু হলে শববাহী খাটের পাশে কিছুটা পথ হাঁটে ডুগ্গু। কিন্তু কিছু দূর যাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি। পরিবারের সদস্যদের বিশ্বাস, ১৫ বছরের সঙ্গীকে হারানোর শোক সহ্য করতে পারেনি বৃদ্ধ কুকুরটি।
দুটি ঘটনা ফের মনে করিয়ে দিল, মানুষের সঙ্গে কুকুরের সম্পর্ক শুধু প্রভু ও পোষ্যের নয়। দীর্ঘদিনের যত্ন, স্নেহ আর নির্ভরতা থেকে তৈরি হয় এমন এক বন্ধন, যার গভীরতা অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না। কালুর নীরব শেষযাত্রা সেই ভালোবাসারই এক মর্মস্পর্শী উদাহরণ।
Madhya Pradesh
‘বন্ধুর’ শেষযাত্রায় সঙ্গী কালু! শ্মশান পর্যন্ত অনুসরণ, শেষকৃত্য শেষে নীরবে বিদায় নিল প্রভুভক্ত কুকুর
ছবি প্রতীকী।
×
Comments :0