শুক্রবার রাত আটটা নাগাদ দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় উগ্রপন্থী হামলায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জেলার কেল্লাম এলাকায় উগ্রপন্থীদের গুলিতে একজন শ্রমিক নিহত এবং আরেকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং হামলাকারীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। নিহত ও আহত দুই শ্রমিক ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানা গেছে। সন্ত্রাসবাদী হামলায় শ্রমিক দীপক প্রাণ হারান, ভূপেন্দ্র নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন। হামলার পরপরই দুজনকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দীপককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। গুরুতর আহত ভূপেন্দ্রকে চিকিৎসার জন্য জিএমসি অনন্তনাগে পাঠানো হয়েছে।
শ্রমিকদের লক্ষ্য করে হামলার ঘটনায় যৌথ নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন অংশে নজরদারি জোরদার করেছে। দ্রুত পুরো এলাকাটি ঘিরে ফেলেছে এবং সন্ত্রাসবাদীদের খুঁজতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। আশেপাশের এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ ও নিরাপত্তা আধিকারিকরা সরাসরি ঘটনাস্থলে পৌঁছেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকরা কেলামের একটি ইটভাটায় কাজ করার সময় তাদের উপর হামলা চালানো হয়। গুলি চালিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ তিন থেকে চার রাউন্ড গুলি চালিয়েছে সন্ত্রাসবাদীরা।
Kulgam Terror Attack
কুলগামে উগ্রপন্থী হামলায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, জখম এক
×
Comments :0