সারা দেশে ‘স্কুল বাঁচাও আন্দোলন’-কে তীব্রতর করবে এসএফআই। অক্টোবর পর্যন্ত চলবে সরকারি স্কুল ব্যবস্থার হাল ফেরানোর এই আন্দোলন।
শুক্রবার এসএফআই’র সর্বভারতীয় সভাপতি ওম সাজি এবং সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন যে আটটি নির্দিষ্ট কাজ করা হবে এই আন্দোলনে। এক, প্রতিটি রাজ্যে বিভিন্ন স্কুলকে চিহ্নিত করে ছাত্রছাত্রীদের থেকে নির্দিষ্ট পরিস্থিতি জানা হবে। দুই, স্কুল বন্ধ বা একাধিক স্কুল মিলিয়ে দেওয়ার কারণে সমস্যায় পড়া ছাত্রছাত্রীদের সংগঠিত করতে হবে। তাঁদের স্বর সরবে হাজির করার মঞ্চ গড়তে হবে। তিন, বন্ধ স্কুল খোলা এবং স্কুলের হাল ফেরানোর দাবিতে স্থানীয় বাসিন্দাদের যুক্ত করতে হবে। চার, সারা দেশে ১০ কোটি সই সংগ্রহ হবে। পাঁচ, বুদ্ধিজীবী এবং শিক্ষার পক্ষে বিভিন্ন শক্তি বা ব্যক্তিকে শামিল করে জোরালো করতে হবে প্রচার। ছয়, ব্লক স্তর থেকে মহকুমা এবং জেলা স্তরে প্রশাসনের কাছে দিতে হবে দাবিপত্র। সাত, রাজ্য স্তরে কনভেনশন হবে। জাতীয় স্তরে দিল্লিতে কনভেনশন হবে ৮ সেপ্টেম্বর সাক্ষরতা দিবসে। আট, রাজ্য রাজধানীতে ‘রাজভবন চলো‘ বা বিধানসভা অভিযান করতে হবে।
সাজি এবং সৃজন বলেছেন, কোভিড লকডাউনের সময় থেকে সরকারি স্কুলের অবস্থা শোচনীয়। ব্যাপক সংখ্যায় স্কুলছুট দেখা যাচ্ছে। ধারাবাহিক আন্দোলন চালাচ্ছে এসএফআই। সেই আন্দোলনের তীব্রতা বাড়ানো হবে এই পর্বে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ‘স্কুল বাঁচাও, মূল বাঁচাও’ আন্দোলন চালাচ্ছে এসএফআই।
SFI School Banchao Andolon
দেশ জুড়ে ‘স্কুল বাঁচাও’ আন্দোলনে এসএফআই, ১০ কোটি সই সংগ্রহের লক্ষ্যমাত্রা
ছবি সংগ্রহ থেকে।
×
Comments :0