Supreme Court ED Mamata Banarjee

তল্লাশিতে মমতার বাধা, ইডি’র মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

জাতীয়

তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ‘আই-প্যাক’ -র দপ্তরে ইডি-র তল্লাশি অভিযানে বাধা দেওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। এফআইআর দায়ের ও তদন্তের আর্জি জানিয়ে দায়ের আবেদনের ভিত্তিতে রায়দান বৃহস্পতিবার স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।
এর আগে, আই-প্যাক’র তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই তদন্তের জন্য আবেদন জানিয়েছিল ইডি। এই তদন্তের ভার সিবিআই-র হাতে তুলে দেওয়া হবে নাকি নতুন রাজ্য সরকারের ওপর তদন্তের ভার ছেড়ে দেওয়া হবে, সেই বিষয়ের ওপর আদালত তার রায়দান স্থগিত রেখেছে।
বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়াকে নিয়ে গঠিত বেঞ্চ বা এদিন রিট পিটিশনের শুনানি করেন। 
উল্লেখ্য, মমতা ব্যানার্জি ছাড়াও, পশ্চিমবঙ্গের তৎকালীন পুলিশ ডিজি রাজীব কুমার, কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা এবং দক্ষিণ কলকাতার তৎকালীন ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধেও অভিযোগ জানায় ইডি।  
কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত অর্থ পাচারের তদন্তের অংশ হিসেবে ইডি আধিকারিকরা যখন কলকাতায় আই-প্যাক’র অফিসে তল্লাশি চালাচ্ছিলেন, সেই সময়কার ঘটনার প্রেক্ষিতেই এই আবেদনটি করা হয়েছে। সেই তল্লাশি অভিযানের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী দলের শীর্ষ নেতাদের নিয়ে আই-প্যাক অফিসে পৌঁছান এবং ইডি আধিকারিকদের মুখোমুখি হন। ইডি-র আরও অভিযোগ, তল্লাশির সময় তৎকালীন মুখ্যমন্ত্রী সেখান থেকে কিছু নথিপত্র বা ফাইল নিয়ে যান, যা তদন্ত প্রক্রিয়াকে আরও ব্যাহত করেছে বলে তারা দাবি করেছেন।
তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে তল্লাশি প্রক্রিয়ার মাঝে কিভাবে বাইরে থেকে ঢুকে পড়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ফাইল নিয়ে চলে যেতে পারলেন তা নিয়ে প্রশ্নের মুখেও পড়তে হয়েছে ইডি-কে।

Comments :0

Login to leave a comment