SRFTI Convention

এসআরএফটিআই’র গণ কনভেনশনে অতিথিদের ক্যাম্পাসেই ঢুকতে দেওয়া হলো না

রাজ্য কলকাতা

এসআরএফটিআই’র বন্ধ গেটের এপারে দেবাঞ্জন দে। ওপারে ছাত্রছাত্রীরা।

মদনমোহন সামন্ত: কলকাতা

এসআরএফটিআই-তে বিজেপি-আরএসএস’র হামলার বিরুদ্ধে দেশজুড়েই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদের কর্মসূচি নেওয়া হয়েছে ২৭ অক্টোবর, মঙ্গলবার। কিন্তু কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড‌ টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-তে ঢুকতে দেওয়া হলো না অতিথিদের। 
এদিন ক্যাম্পাসে হামলার বিরুদ্ধে এসআরএফটিআই-তে গণ কনভেনশনের আয়োজন করা হয় ছাত্র সংসদের পক্ষ থেকে। কনভেনশনে বক্তা চিত্র পরিচালক কমলেশ্বর মুখার্জি থেকে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। কিন্তু তাঁরা বক্তব্য রাখার জন্য এসআরএফটিআইতে গেলে তাঁদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি কর্তৃপক্ষের বাধায়। বক্তারা তাঁদের বক্তব্য গেটের বাইরে থেকেই রেখে যান। বন্ধ গেটের ওপারে হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে থেকেছেন ছাত্রছাত্রীরা। 
(আরও পড়ুন: ক্যাম্পাসে হামলা, ২৭শে’র প্রতিবাদে শামিল এসআরএফটিআই)
বক্তারা প্রত্যেকেই ছাত্রদের পাশে থেকে তাদের লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে যান। প্রতিবাদী পড়ুয়ারা গেটের ভেতরে থেকে এই লড়াইকে জারি রাখার ঘোষণা করেছেন। 
এদিন সকালে ক্যাম্পাসে বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে কনভেনশনের সূচনা করা হয়। পড়ুয়ারা বিভিন্ন রকম ব্যানার এবং প্রতিবাদী চিত্র নিয়ে নিজেদের কথা তুলে ধরেছেন। সব শেষে মিছিল করা হয়।
একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে বিজেপি-আরেসএস’র অনুগামী বাহিনীর হামলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ পদগুলিতে আরএসএস’র লোকজনদের রেখে একটিই মতাদর্শ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে চলেছে গণ কনভেনশন মোট ১০ দফা দাবিতে তাদের এই গণ কনভেনশন। ক্যাম্পাসের মধ্যে ভিন্নমত জানানোর অধিকারের পক্ষে সরব হয়েছেন ছাত্রছাত্রীরা।  


গণ কনভেনশনে বিশিষ্ট অতিথিদের মধ্যে বক্তব্য রেখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভজিৎ নস্কর, হায়দরাবাদের সতীশ, চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, আইনজীবী শামিম আহমেদ, অভিনেতা জয়রাজ ভট্টাচার্য, এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। এছাড়াও পড়ুয়াদের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়েছে।


এদিকে এসএফআই’র সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি এবং সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন যে ২৭ অক্টোবর দেশের বিভিন্ন ক্যাম্পাসেই হবে প্রতিবাদ। বম্বে আইআইটি-তে ছাত্র সাহিল ওয়াকাড়ের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত থেকে কলকাতায় এসআরএফটিআই’র ওপর হামলার প্রতিবাদ জানাবেন সারা দেশের ছাত্রছাত্রীরা।

Comments :0

Login to leave a comment